জাতিসংঘের সংস্কার নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অভিজ্ঞতা ও ভাবনা শুনেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ভারতের হাইকমিশনার।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ত্রিবেদী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে তিনি এসেছেন। এর আগে ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার সরাসরি দেখা করে শুভেচ্ছা জানাতে পেরে তিনি আনন্দিত।
ত্রিবেদী বলেন, ড. খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই সংস্কারের বিষয়গুলো কী এবং কী করা যেতে পারে, তা বুঝতে তিনি আগ্রহী ছিলেন। কারণ, এটি সবার অভিন্ন স্বার্থের বিষয়।
তিনি বলেন, জাতিসংঘ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক ফোরাম। সেখানে ড. খলিলুর রহমানের অভিজ্ঞতা সম্পর্কে জানা তার জন্য শেখার একটি সুযোগ ছিল। ফুটবল ম্যাচের সময়ও তাদের দেখা হয়েছিল। তখনই তিনি সাক্ষাতের কথা বলেছিলেন।
সাক্ষাতটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে ত্রিবেদী বলেন, এ বিষয়ে এর বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে চান না।
এ সময় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার রায় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নো কমেন্টস।
