ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবো না, প্রস্তুতি নিচ্ছি: জামায়াত সেক্রেটারি

৪০ দিনের কর্মসূচি ঘোষণা

ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবো না, প্রস্তুতি নিচ্ছি: জামায়াত সেক্রেটারি

ফন্ট সাইজ:

ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। এ জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে ফ্যাসিবাদ প্রতিহতের নামে গাড়ি পোড়ানো বা মানুষ হত্যার মতো সহিংসতার পথে জামায়াত যাবে না। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দলের ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে বর্তমানে তিনটি বিষয় জাতীয়ভাবে আলোচিত এবং জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন না করা, তৈরি পোশাকশিল্পের সংকট এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা।

তিনি বলেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে। বিরোধীদলকে পাশ কাটিয়ে গণরায়ের প্রতি অবজ্ঞা দেখানোর কারণে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সংসদেও এ সংকটের সমাধান হচ্ছে না, রাজপথেও আন্দোলন অব্যাহত রয়েছে। সরকার দ্রুত বিষয়টি উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের রায় অস্বীকার করায় জনগণের একটি বড় অংশ সরকারের ওপর আস্থা হারাচ্ছে। ফলে জাতীয় ও জনজীবনের বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার জনগণের সমর্থন পাচ্ছে না। জাতীয় সংকট নিরসনে সরকার, বিরোধীদল ও জনগণের মধ্যে রাজনৈতিক ঐক্য প্রয়োজন হলেও সরকার সেই পথ এড়িয়ে যাচ্ছে।

তৈরি পোশাকশিল্পের সংকট প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং মালিকদের শিল্প টিকিয়ে রাখার চেষ্টার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সন্ত্রাস, সহিংসতা, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। সব মিলিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘাত, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িঘর, জামায়াতের নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে। এসব ঘটনা এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। জামায়াতের কাছে আসা তথ্য অনুযায়ী, প্রায় ২২টি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে। চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ বাড়ছে।

৪০ দিনের কর্মসূচিতে সমাবেশ, মিছিল ও আলোচনা সভা

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার নিজেই লিখিত কর্মসূচি পড়ে শোনান। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, আন্তর্জাতিক দিবস পালন, বিভিন্ন পেশাজীবীর সম্মেলন, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম।