সিলেটে পার্কিংয়ে থাকা চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে নগরের চালিবন্দর ল’কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানিয়েছে, পার্কিংয়ে থাকা বাসগুলোতে ভোর ৪টার দিকে গান পাউডার ছিটিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চারটি বাসেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুপুরে সিলেটের বিএনপি নেতা ও সিউজ চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ওই এলাকা পরিদর্শন করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) আফজাল হোসেন জানিয়েছেন, কারা আগুন দিয়েছে তা শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানান তিনি।
