এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না নিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেননি চেম্বার আদালত। একই সাথে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। আগামী ২৩শে নভেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
প্রসঙ্গত, গত বুধবার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহেমদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে হাইকোর্ট রুলও জারি করেন এবং বিবাদীদের দ্রুত রুলের জবাব দিতে বলেন।
উল্লেখ্য, চলতি বছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। এর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন এবং ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর প্রায় অর্ধেক। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য হওয়া বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার কার্যক্রম শেষ না হতেই অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে নিলে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাতে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন—এমন যুক্তিতেই রিটটি করা হয়েছিল।
