সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছর, স্ত্রী রুকমীলার ১০ বছরের কারাদণ্ড

২৫ কোটি টাকা লোপাট

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছর, স্ত্রী রুকমীলার ১০ বছরের কারাদণ্ড

ফন্ট সাইজ:

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার আরও ১৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন ১৯ আসামি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মামলায় ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

রায়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাচার করা অর্থের দ্বিগুণ ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে। দুই আইনে তাঁর মোট সাজা ১৫ বছর।

জাবেদের স্ত্রী রুকমীলা জামানকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আরও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই আইনে তার মোট সাজা ১০ বছর।

মামলার অন্য সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, মো. আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, মো. আব্দুল হামিদ চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান ও উৎপল পাল। তাদের বিভিন্ন ধারায় পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে আব্দুল হামিদ চৌধুরী শুধু দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের সাজা পেয়েছেন। অন্য আটজনের মধ্যে কয়েকজনকে পৃথক দুটি আইনে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন মো. ইয়াছিনুর রহমান, মো. ইউছুফ চৌধুরী, মো. সাইফুল ইসলাম ও মো. শাহ আলম। বজল আহমেদ বাবুল ও এম এ সবুরকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

খালাস পাওয়া ১৯ আসামির মধ্যে রয়েছেন—মোহাম্মদ একরাম উল্লাহ, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দীন হোসাইন, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, আফরোজা জামান, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, আরিফ কাদরী, প্রদীপ কুমার বিশ্বাস, মোহাম্মদ জাহিদ, মো. শহীদ, মো. সুমন, মো. ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদার।

মামলার নথি অনুযায়ী, জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিংয়ের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে প্রতিষ্ঠানের কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাচার করা অর্থ দিয়ে বিদেশে সম্পত্তি কেনার অভিযোগও রয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলা করেন। প্রথমে জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনকে আসামি করা হয়। পরে তদন্তে আরও সাতজনের সংশ্লিষ্টতা পাওয়ায় মোট ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন খালাস পেয়েছেন। রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন।