গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমের বাড়ি ও মুকসুদপুর থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমের বাড়ি ও মুকসুদপুর থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

গোপালগঞ্জ-১ আসনের (কাশিয়ানী-মুকসুদপুর) বিএনপির এমপি সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পাশাপাশি দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায়ও আগুন দিয়েছেন তারা।

এদিকে গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় জমায়েত হয়ে দেশীয় অস্ত্রসহ মাথায় হেলমেট পরে মহড়া দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শহরের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এই মহড়ায় যুক্ত হচ্ছেন। এ সময় শহরের কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি।

এর আগে গতকাল বুধবার রাতভর গোপালগঞ্জ জেলার ঢাকা-খুলনা-মহাসড়ক, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর আঞ্চলিক সড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গাছের গুড়ি ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করেন তারা।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার টুঙ্গিপাড়া থানা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।