নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জ হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন। বিকল্প পথ হিসেবে পরিবহনগুলো যশোর-মাগুরা সড়ক ব্যবহার করছে।
বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকলে নগরীর রয়্যাল মোড়ে প্রতিদিনের স্বাভাবিক সেই কোলাহল নেই। কাউন্টারগুলো ফাঁকা। সোহাগ, গ্রিনলাইন এবং গোল্ডেন লাইনসহ বিলাসবহুল গাড়িগুলো তাদের যাত্রা বাতিল করেছে। ফোন করে বিক্রিত টিকিটের টাকা ফেরত দিচ্ছেন কাউন্টার মাস্টারেরা।
সোহাগ কাউন্টারের সামনে কথা হয় সিফাতের সঙ্গে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত চারদিন আগে পারিবারিক কাজে খুলনায় আসেন। দু’দিন বাদে বিশ্ববিদ্যালয়ে তার পরীক্ষা রয়েছে। আজ তার ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু টিকিট নিতে এসে বিপদে পড়েছেন। একই কাউন্টারে কথা হয় জাকিরুলের সঙ্গে। চোখের জটিলতা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকার একজন চিকিৎসকের কাছে সাক্ষাতের জন্য অনুমতি রয়েছে তার। এদিন চিকিৎসকের সঙ্গে দেখা না হলে আবার তাকে তিন মাস অপেক্ষা করতে হবে।
গ্রীণ লাইনের টিকিট বিক্রেতা রফিক বলেন, ‘বেলা সাড়ে ১১টা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে গাড়িগুলো চলাচল করেছে। কিন্তু এরপর থেকে আর কোনো গাড়ি কাউন্টার থেকে ছেড়ে যায়নি। সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের ফোন করে টাকা ফেরত দেওয়া হচ্ছে।’
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, ‘দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকেরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।’
তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।
অন্যদিকে, আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস সচল করছে। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
