সাভারে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় জনতার হাতে ধরা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সাভারে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় জনতার হাতে ধরা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফন্ট সাইজ:

সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছেন শাহিন (৪০) নামে এক যুবক। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ্জাক প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে জনতা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটককৃত শাহিন হকার্স লীগের কর্মী বলে জানা গেছে। ​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে ফুটওভার ব্রিজের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল নিক্ষেপের পরপরই দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহিন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী ছায়াবিথী আমতলা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার এসআই আশিস কুমার দাস বলেন, ‘ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা শাহিনকে আটক করে আমাদের খবর দেয়। তাকে আটক করে থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে।’