মজুরি নিয়ে রক্তপাত সংঘাত শুধু বাংলাদেশের পোশাক খাতেই

সহযোগীদের খবর

মজুরি নিয়ে রক্তপাত সংঘাত শুধু বাংলাদেশের পোশাক খাতেই

ফন্ট সাইজ:

বণিক বার্তা

‘মজুরি নিয়ে রক্তপাত সংঘাত শুধু বাংলাদেশের পোশাক খাতেই’—এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, মজুরি বৃদ্ধি নিয়ে শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হচ্ছে দেশের তৈরি পোশাক খাতে। শ্রমিকদের বিক্ষোভে গতকাল মোট ৪৩৩টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী গতকাল পর্যন্ত বন্ধ করাখানার সংখ্যা ১২৯টি। পাশাপাশি ঘটছে পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনা। দেশের পোশাক খাতে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন-বিক্ষোভ নতুন নয়। কয়েক বছর পরপরই এ নিয়ে রক্তপাত, সংঘর্ষ ও কারখানা বন্ধের ঘটনা ঘটছে।

তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগীদের মধ্যে রয়েছে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত ও পাকিস্তান। এসব দেশেও কখনো কখনো মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ, ধর্মঘট ও কর্মবিরতির মতো ঘটনা দেখা যায়। কিন্তু সহিংস শ্রমিক বিক্ষোভ, রক্তপাত, কারখানা ভাংচুর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতের ঘটনা মূলত বাংলাদেশেই দৃশ্যমান বলে মনে করেন তৈরি পোশাক খাতসংশ্লিষ্টরা।

মজুরি নির্ধারণের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় প্রতিযোগী দেশগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। কম্বোডিয়ার শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৪ সালের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটিতে ৬৩টি ধর্মঘট ও তিনটি বিক্ষোভের ঘটনা ঘটে। ভিয়েতনামে ২০২২ সালে অনুমোদনহীন ১৫৭টি ধর্মঘটের তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এসব ধর্মঘটের বেশির ভাগই ছিল মজুরি ও ভাতা নিয়ে বিরোধের কারণে। চায়না লেবার বুলেটিনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পোশাক খাতের শ্রমিকদের অন্তত ৯৪টি সম্মিলিত আন্দোলনের ঘটনা নথিভুক্ত হয়েছে। পাকিস্তানের ফয়সালাবাদে ২০২৫ সালে মজুরি বৃদ্ধির দাবিতে বস্ত্র ও পাওয়ারলুম শ্রমিকদের বিক্ষোভের খবর প্রকাশ করে দেশটির সংবাদমাধ্যম ডন। ভারতে শ্রম ব্যুরোর পরিসংখ্যানেও শিল্প খাতে কর্মবিরতির তথ্য রয়েছে, যদিও সেখানে পোশাক খাতের মজুরি বিরোধকে আলাদা করে চিহ্নিত করা হয়নি।

বিভিন্ন সূত্রের তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতিযোগী দেশগুলোয় মজুরি নিয়ে বিরোধ বা শ্রমিক আন্দোলন নেই, এমন নয়। তবে বাংলাদেশের মতো শ্রমিক বিক্ষোভে শিল্পাঞ্চল থেকে মহাসড়কে সংঘর্ষ, রক্তপাত এবং একযোগে বিপুলসংখ্যক কারখানায় উৎপাদন বন্ধ হওয়ার মতো ঘটনা আর কোথাও দেখা যায় না।

দেশের তৈরি পোশাক শিল্পের মালিকরা বলছেন, অন্য খাতগুলোয় মজুরি কখন নির্ধারণ হয়, কখন বোর্ড গঠন করা হয় এবং কখন তা বাস্তবায়ন হয়, সেসব নিয়ে তেমন আলোচনা শোনা যায় না। বিভিন্ন খাতে মজুরি নির্ধারণের সময়সূচি ও বাস্তবায়ন নিয়ে নানা ঘাটতি রয়েছে। কিন্তু তৈরি পোশাক খাতেই মূলত মজুরি নির্ধারণকে কেন্দ্র করে বারবার অস্থিরতা তৈরি হচ্ছে। এর পেছনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাও ভূমিকা রাখছে। রাজনৈতিক প্রভাব কিংবা দেশের বাইরের শক্তির সংশ্লিষ্টতার সম্ভাবনার কথাও তারা বলছেন। সব মিলিয়ে সংঘাতের মাধ্যমে মজুরির দাবি আদায়ের প্রবণতা নিয়মিত চর্চায় পরিণত হয়েছে বলে মনে করেন শিল্প মালিক প্রতিনিধিদের অনেকে।

বাংলাদেশে মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় কোনো দুর্বলতা রয়েছে কিনা, জানতে চাইলে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বণিক বার্তাকে বলেন, ‘এখন তো তাই মনে হচ্ছে। আমরাও ভাবতে শুরু করেছি যে একটি ফর্মুলা দাঁড় করানো দরকার, যার মাধ্যমে বার্ষিকভাবে মজুরি রিভাইজ হবে। এবারের বিষয়টি নিষ্পত্তি হয়ে গেলে আমরা শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে ঠিক করব, প্রতি বছর মজুরি বৃদ্ধির জন্য কী ধরনের ফর্মুলা করা যায়। মূল্যস্ফীতির সঙ্গে কীভাবে মজুরি সমন্বয় করা হবে, অর্থনীতিবিদদের মতামত নিয়ে সেটিও নির্ধারণ করা যেতে পারে।’

শ্রম খাত বিশেষজ্ঞরা মনে করেন, মজুরি নির্ধারণ ও বাস্তবায়নে মালিক, শ্রমিক ও সরকার, তিন পক্ষেরই দায়িত্ব রয়েছে। বৈশ্বিকভাবে শ্রমবাজার পরিচালনায় ত্রিপক্ষীয় অংশগ্রহণ ও দায়বদ্ধতাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বাংলাদেশে এর ঘাটতি রয়েছে কিনা, সে প্রশ্ন রয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ মনে করেন, মজুরি বোর্ডের অন্যতম দুর্বলতা হলো এটি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। তিনি বণিক বার্তাকে বলেন, ‘দরকষাকষিতে মালিক পক্ষ সবসময় এগিয়ে থাকে। শেষ পর্যন্ত সরকারের সিদ্ধান্তেও মালিক পক্ষের চাপ বেশি থাকে।’

মজুরি নির্ধারণে বোর্ডের নিজস্ব গবেষণা ও তথ্য-উপাত্তের ঘাটতিকেও বড় দুর্বলতা হিসেবে দেখছেন তিনি। সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের মতে, বোর্ড মূলত মালিক ও শ্রমিক পক্ষের প্রস্তাবের ভিত্তিতে একটি মাঝামাঝি অবস্থানে পৌঁছায়। নিজস্ব তথ্য-উপাত্ত ও গবেষণা না থাকায় বোর্ডের পক্ষে স্বাধীন অবস্থান নেয়া কঠিন হয়ে পড়ে।

মজুরি নিয়ে বিরোধের সমাধানে শ্রমিকদের রাজপথে নামার প্রবণতার পেছনে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার দুর্বলতা রয়েছে বলে মনে করেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘২০০৬ সাল থেকে রাজপথে নামা ছাড়া কোনো সমস্যার সমাধান হয় নাই। এজন্য তারা ধরে নিয়েছে, তাদের রাজপথে নামতে হবে, না হলে কেউ শুনবে না।’

শিল্প মালিক পক্ষের প্রতিনিধিরা বলছেন, দীর্ঘদিন ধরে প্রচলিত মজুরি নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন। তাদের ভাষ্য, তিন বছর পরপর মজুরি বোর্ড গঠন করে দরকষাকষির পরিবর্তে বার্ষিক মজুরি বৃদ্ধির একটি নির্দিষ্ট সূত্র চালু করা যেতে পারে। এতে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মজুরি সমন্বয় হবে এবং মজুরি নির্ধারণকে কেন্দ্র করে আন্দোলন ও অনিশ্চয়তা কমে আসবে।

মজুরি নির্ধারণে বাংলাদেশের প্রতিযোগী পাঁচ দেশে কয়েক ধরনের কাঠামো দেখা যায়। চীনে প্রাদেশিক সরকার, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় জাতীয় কাউন্সিল এবং ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত কাঠামো রয়েছে। পাকিস্তানে মজুরি নির্ধারণের দায়িত্ব মূলত প্রাদেশিক সরকারের। এসব ব্যবস্থায় শ্রমিক ও মালিক প্রতিনিধিদের অংশগ্রহণের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনার বিধান রয়েছে।

চীনে ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্ব প্রাদেশিক, স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত এলাকার সরকারের। দেশটির ন্যূনতম মজুরি বিধান অনুযায়ী, স্থানীয় শ্রম প্রশাসন ট্রেড ইউনিয়ন ও মালিক সংগঠনের সঙ্গে আলোচনা করে মজুরির প্রস্তাব তৈরি করে। দেশটিতে অন্তত দুই বছর পরপর ন্যূনতম মজুরি পর্যালোচনার বিধান রয়েছে।

ভিয়েতনামে জাতীয় মজুরি কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সরকার অঞ্চলভেদে ন্যূনতম মাসিক ও ঘণ্টাভিত্তিক মজুরি নির্ধারণ করে। দেশটির ২০১৯ সালের শ্রম আইন অনুযায়ী, কাউন্সিলে সরকার, শ্রমিক সংগঠন, মালিক সংগঠন ও বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব রয়েছে। চারটি অঞ্চলে মজুরি নির্ধারণে শ্রমিক ও তাদের পরিবারের জীবনযাত্রার ব্যয়, ভোক্তা মূল্যসূচক, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শ্রমের চাহিদা ও সরবরাহ, উৎপাদনশীলতা এবং প্রতিষ্ঠানের মজুরি দেয়ার সক্ষমতা বিবেচনার কথা বলা হয়েছে।

কম্বোডিয়ায় ২০১৮ সালের ন্যূনতম মজুরি আইন অনুযায়ী, জাতীয় ন্যূনতম মজুরি কাউন্সিল গঠন করা হয়েছে। সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত এ কাউন্সিল দেশটির তৈরি পোশাক, বস্ত্র ও জুতা শিল্পের মজুরি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভারতে মজুরি নির্ধারণের কাঠামো কেন্দ্র ও রাজ্য সরকারের ক্ষমতার সমন্বয়ে পরিচালিত হয়। দেশটির ২০১৯ সালের মজুরি বিধিতে কেন্দ্রীয় সরকারকে একটি ভিত্তিমজুরি নির্ধারণের ক্ষমতা দেয়া হয়েছে। রাজ্য সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি এ ভিত্তিমজুরির নিচে রাখতে পারে না। মজুরি নির্ধারণে সরকার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করতে পারে অথবা প্রস্তাব প্রকাশ করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিতে পারে। আইনে সাধারণভাবে পাঁচ বছরের বেশি বিরতিতে ন্যূনতম মজুরি পর্যালোচনা না করার বিধান রয়েছে।

পাকিস্তানে মজুরি নির্ধারণের দায়িত্ব মূলত প্রাদেশিক সরকারের। প্রদেশগুলোতে ন্যূনতম মজুরি বোর্ড রয়েছে, যেখানে শ্রমিক ও মালিক প্রতিনিধিরা অংশ নেন। নির্দিষ্ট শিল্পের শ্রমিকদের মজুরি সুপারিশের ক্ষেত্রেও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিত্ব রাখা হয়।

পাঁচ দেশের কাঠামো থেকে দেখা যায়, মজুরি নির্ধারণে কোনো একক মডেল নেই। তবে এসব ব্যবস্থায় শ্রমিক ও মালিক প্রতিনিধিদের অংশগ্রহণের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সক্ষমতার মতো বিষয় বিবেচনার সুযোগ রয়েছে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বণিক বার্তাকে বলেন, ‘অন্যান্য দেশে মজুরি নির্ধারণে সরকারের নির্দিষ্ট দপ্তর বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ভূমিকা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও বিদ্যমান পদ্ধতির সীমাবদ্ধতা পর্যালোচনা করে বিকল্প ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘অন্য কোনো দেশে মজুরি নিয়ে এ ধরনের বিশৃঙ্খলা বা সংঘাতের ঘটনা আমাদের জানা নেই। বাংলাদেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু লোক এ খাতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।’

বাংলাদেশে ন্যূনতম মজুরি নির্ধারণের আইনি কাঠামো রয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর একাদশ অধ্যায়ে ন্যূনতম মজুরি বোর্ড গঠন, মজুরি সুপারিশ এবং তা পুনর্নির্ধারণের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। আইনের ১৩৮ ধারায় বোর্ড গঠনের বিধান রয়েছে। সাধারণভাবে বোর্ডে একজন চেয়ারম্যান, একজন স্বাধীন সদস্য, একজন মালিক প্রতিনিধি ও একজন শ্রমিক প্রতিনিধি থাকেন। কোনো নির্দিষ্ট শিল্পের মজুরি নির্ধারণের জন্য বোর্ডকে দায়িত্ব দেয়া হলে সংশ্লিষ্ট শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিও যুক্ত হন।

আইনের ১৩৯ ধারা অনুযায়ী, কোনো শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ প্রয়োজন বলে সরকার মনে করলে মজুরি বোর্ডকে তা পর্যালোচনা ও সুপারিশের নির্দেশ দিতে পারে। শ্রমিক বা মালিক পক্ষও সরকারকে মজুরি নির্ধারণের বিষয়টি বিবেচনার অনুরোধ জানাতে পারে। বোর্ডকে সাধারণত ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দিতে হয়। একই ধারায় কোনো শিল্পের শ্রমিকদের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি তিন বছর পরপর পুনর্নির্ধারণের বিধান রয়েছে। তবে এ প্রক্রিয়া স্বয়ংক্রিয় নয়; সরকারের উদ্যোগ ও নির্দেশনার ওপর নির্ভরশীল।

আইনের ১৪১ ধারায় মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় ও মান, উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা, পণ্যের মূল্য, মূল্যস্ফীতি, কাজের ধরন ও ঝুঁকি, ব্যবসার সক্ষমতা এবং জাতীয় ও স্থানীয় আর্থসামাজিক অবস্থা বিবেচনার কথা বলা হয়েছে। কিন্তু এসব বিষয় কীভাবে ও কোন অগ্রাধিকারে বিবেচনা করা হবে, তার নির্দিষ্ট পরিমাপ বা গবেষণাভিত্তিক কাঠামো আইনে স্পষ্ট করা হয়নি বলে মনে করেন শ্রম খাতের বিশেষজ্ঞরা।

সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর অ্যাডভোকেট একেএম নাসিমের মতে, মজুরি নির্ধারণের আইনি কাঠামো কাগজে-কলমে থাকলেও বাস্তবে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। মজুরি বোর্ডের আওতাধীন বিভিন্ন খাতে দীর্ঘ সময়েও ন্যূনতম মজুরি পর্যালোচনা হয় না। শ্রমিকের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির তথ্য মজুরি নির্ধারণের আলোচনায় এলেও শেষ পর্যন্ত সিদ্ধান্তে সেগুলোর প্রতিফলন থাকে না।

তিনি বলেন, ‘রাস্তায় নামার কারণটাই হলো আমাদের সিস্টেম, প্রসেস কাজ করছে না। ইউনিয়ন গঠনের আইনি বাধা এবং ইউনিয়নগুলোর অভ্যন্তরীণ দুর্বলতাও শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্বকে সীমিত করে। ফলে অসন্তোষ নিরসনে প্রাতিষ্ঠানিক আলোচনার বদলে রাজপথই কার্যকর চাপ তৈরির মাধ্যম হয়ে উঠছে।’

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুনের মতে, মজুরি পুনর্নির্ধারণের ক্ষেত্রে সময়মতো উদ্যোগ না নেয়া প্রক্রিয়াগত দুর্বলতার অন্যতম কারণ। তিনি বলেন, ‘তিন বছরের মধ্যে করতে হবে তো একদম শেষ মাস কিংবা শেষের দুই মাসে গিয়ে কাজটি শুরু করে। কিন্তু মজুরি বোর্ড গঠন, আলোচনা করা, তারপরে একটু দরকষাকষি হবে—এসবের জন্য সময় দরকার। কিন্তু আগে থেকে পরিকল্পনা করে কাজটা করার উদ্যোগ থাকে না।’

তার মতে, নির্ধারিত সময়ের অনেক আগেই মজুরি পর্যালোচনার প্রস্তুতি ও আলোচনা শুরু করা প্রয়োজন। তা না হলে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়, যা আন্দোলনের ঝুঁকি বাড়ায়।

সংশ্লিষ্টরা বলছেন, মজুরি নিয়ে বিরোধকে রাজনৈতিক বা ষড়যন্ত্রের দৃষ্টিতে না দেখে শ্রমিক, মালিক ও সরকারের যৌথ দায়িত্বের জায়গা থেকে সমাধান করা প্রয়োজন। মজুরি নির্ধারণের প্রক্রিয়া ও সিদ্ধান্তের ওপর আস্থা তৈরি না হলে কয়েক বছর পরপর একই ধরনের সংকট ফিরে আসবে। সরকারের দায়িত্ব সময়মতো প্রক্রিয়া শুরু করা এবং আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর পরিবেশ তৈরি করা। একই সঙ্গে মালিক ও শ্রমিক উভয় পক্ষের দায়িত্ব রয়েছে আলোচনার কাঠামোর মধ্যে থেকে সমাধানের চেষ্টা করা।

বাংলাদেশে শুধু তিন বছর পরপর বোর্ড গঠন বা মজুরি ঘোষণা করাই যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শ্রমিক পরিবারের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার তথ্য নিয়মিত পর্যালোচনা করে নির্ধারিত সময়ের আগেই আলোচনা শুরু করা প্রয়োজন। পাশাপাশি বোর্ডের স্বাধীনতা ও গবেষণার সক্ষমতা বাড়ানো এবং শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তা না হলে মজুরি নিয়ে বিরোধের সমাধান বারবার রক্তপাত, সংঘাতে গড়ানোর ঝুঁকি থেকেই যাবে বলে মনে করেন শ্রম খাত বিশেষজ্ঞরা।

প্রথম আলো

‘আ.লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা গুঁড়িয়ে দিতে চাই’—এটি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চান তিনি।

গতকাল বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ৩৮ মিনিটের বক্তব্যে তিনি আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, দেশে-বিদেশে সন্ত্রাসী তৎপরতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান।

সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিরোধী দলগুলোর সঙ্গেও যোগাযোগ করছে ক্ষমতাসীন বিএনপি। সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার মধ্যেও এ বিষয়ে যোগাযোগ হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

নাশকতার প্রেক্ষাপট

কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনায় হামলাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী গতকাল সংসদে বক্তব্য দেন। সর্বশেষ গত মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আগুনে পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়ে যায়। আহত হন সাত পুলিশ সদস্য।

পুলিশের হিসাবে, ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। পুলিশ বলছে, নাশকতায় জড়িত আওয়ামী লীগের ও নিষিদ্ধ ছাত্রলীগের অনেককে হাতেনাতে আটক করা হয়েছে।

‘তারা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী’

সংসদ নেতা তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, সরকার যখন দেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরের চেষ্টা করছে, সংসদে আলোচনার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই পতিত, পলাতক ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা বিদেশে, যেখানেই থাকুক, তাদের একটাই চরিত্র—তারা সন্ত্রাসী।

প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছিল, তা দেশবাসী দেখেছে। দুই দিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। এনসিপির নেতারা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও তাঁদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছে, তা দেখা গেছে। ইতালিতে বাংলাদেশের একজন নারী শিল্পীর ওপর বর্বরোচিত হামলার ঘটনাও দেশবাসী লক্ষ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তাঁর সন্ত্রাসীদের গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই নির্দেশ দেশবাসী দেখেছে। গণতন্ত্রকামী মানুষকে হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়।

তারেক রহমান বলেন, ‘তাহলে তারা কী? তাদের পরিচয় একটি—তারা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী।’ দেশে ও বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পরিচয় স্পষ্ট করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী রাজনীতিকে চ্যালেঞ্জ করেছে। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

পোশাকশিল্প ধ্বংসের চেষ্টার অভিযোগ

দেশের তৈরি পোশাকশিল্পকেও পতিত ফ্যাসিস্ট শক্তি ধ্বংস করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট চক্র যেভাবে দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে একটি বিশেষ দেশে মানুষকে চিকিৎসা নিতে বাধ্য করেছিল, একইভাবে দেশের তৈরি পোশাকশিল্পকেও ধ্বংস করার পাঁয়তারা করছে। এই শিল্প ধ্বংসের মাধ্যমে তারা অন্য কোনো বিশেষ দেশের হাতে এর সুবিধা তুলে দিতে চায় কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিকদের সতর্ক করে তারেক রহমান বলেন, ‘ফ্যাক্টরি যদি নষ্টই করে ফেলেন, তাহলে ভাই বা বোন, আপনার বেতনটি আসবে কোত্থেকে, কীভাবে আসবে বেতন?’

প্রধানমন্ত্রী বলেন, ৫০ বছর ধরে দেশের শ্রমিক ও মালিকেরা তিলে তিলে তৈরি পোশাকশিল্পকে একটি সমৃদ্ধ শিল্প হিসেবে গড়ে তুলেছেন। বিদেশে অবস্থানকারী পলাতক শক্তির উসকানিতে নিজেদের কর্মস্থলের ক্ষতি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিজেদের কর্মস্থল রক্ষার কথাও বলেন প্রধানমন্ত্রী।

যুগান্তর

দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর ‘ফিরতে কি পারবে আওয়ামী লীগ?’। প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকা, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা এবং নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনমনে আলোচনা-সবকিছুর সঙ্গে জড়িত চব্বিশের গণ-অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন। আজ বৃহস্পতিবার তারা লকডাউন ঘোষণা করেছে। এর আগে গোপালগঞ্জে তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সংসদ-সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সুধী সমাজের পাশাপাশি সচেতন জনগোষ্ঠীর মধ্যে প্রশ্ন উঠেছে-‘শুধুমাত্র নাশকতা ও সহিংসতা করেই কি শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশে ফিরতে পারবে?’

বিশ্লেষকদের মতে, শুধু নাশকতা করে আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাজনৈতিক দল বা শক্তি ক্ষমতা দখল করতে পারেনি। নাশকতার বদলে প্রয়োজন গঠনমূলক রাজনীতি ও নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য। কিন্তু আওয়ামী লীগের এখনকার রাজনীতির মূল লক্ষ্য কী, সে বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো পরিষ্কার দিকনির্দেশনা দিতে পারেনি। দলটির বর্তমান কার্যক্রম নিষিদ্ধ হলেও চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে তাদের কোনো ভুল ছিল কিনা, সে বিষয়েও দলটি কোনো রাজনৈতিক ব্যাখ্যা দেয়নি। গণ-অভ্যুত্থানে ১৪০০-এর বেশি (জাতিসংঘের হিসাব) নাগরিককে হত্যার পরও কোনো ভুল স্বীকার করেনি তারা। ফলে নতুন করে দলটি জনগণের সামনে কী বার্তা নিয়ে আসবে, সে বিষয়ে কোনো নির্দেশনা না দিয়েই কেবল ককটেল ও আগুন সন্ত্রাসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এর মাধ্যমে সরকারকে চাপে ফেলে আলোচনায় বসা এবং নিজেদের রাজনৈতিক পুনর্বাসন নিশ্চিত করতে চায়-এমন ধারণাই জনমনে প্রচার করতে চাইছে তারা। যদিও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার কোনো চাপে নেই। আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, সেখান থেকে ভিডিওবার্তা দিয়ে দেশে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে উসকানি দেওয়া হচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের কোনো বিকল্প নেই। সরকারসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সন্ত্রাসীদের রুখে দিতে হবে।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগুন দেওয়া, মানুষ পোড়ানো, হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও গণহত্যা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, দলটি আবারও এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে সরকার আন্দোলনকারীদের ওপর গুলি চালায় এবং প্রাণহানি ঘটে। কিন্তু বর্তমান সরকার অতীতের ফ্যাসিবাদী কায়দায় রাজপথে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে চায় না। একজন নিরপরাধ মানুষও যাতে গুলিতে নিহত বা আহত না হন, সে বিষয়ে সরকার সতর্ক।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ ফেরা আর শেখ হাসিনা ফেরা দুটি ভিন্ন কথা। প্রশ্ন হতে পারে শেখ হাসিনা ফিরবেন কিনা। আমি মনে করি ফিরবেন না। কারণ তিনি ভারত চলে যাওয়ার ঠিক পরের দিন তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে, বাংলাদেশের প্রতি তাদের আর কোনো আগ্রহ নেই। অথচ এখন আবার ফেরার ইচ্ছার কথা বলা হচ্ছে। এই দ্বিমুখী কথার মধ্যে কোনটি সত্য, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার মতে, শেখ হাসিনা যদি ফিরতে চান, তবে আইনগতভাবে একমাত্র পথ হলো প্রত্যর্পণ। তবে ভারত তাকে সেভাবে সহজে আসতে দেবে বলে মনে হয় না এবং এই সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি বলেন, আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে চায়, তবে যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত বা সাজা হয়নি, তেমন নতুন ও পরিচ্ছন্ন নেতৃত্বকে সামনে রেখে দল পুনর্গঠন করতে হবে। এক্ষেত্রে দোষ স্বীকার ও ক্ষমার প্রক্রিয়ার মাধ্যমে তারা সম্মানের সঙ্গে ফেরার কথা ভাবতে পারেন। এর বাইরে যদি জোরপূর্বক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করা হয়, তবে তার কোনো ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না।

কালের কণ্ঠ

‘পোশাকশিল্পে বড়দিনের রপ্তানি মৌসুমে বাজার হারানোর শঙ্কা’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে অস্থির দেশের তৈরি পোশাক শিল্প। নভেম্বরের শুরুতে কয়েক দিনের বিক্ষোভ ও উৎপাদন ব্যাঘাতের পর গতকাল বুধবার গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে নতুন করে শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে।

এ সময় অনেক কারখানা বন্ধ হয়ে যায়। এর মধ্যে মজুরি বোর্ডের নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ায় সংকটের সমাধান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানান, শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিন প্রায় চার কোটি ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ছাড়া ৪০০ থেকে ৫০০ কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। প্রতি ডলার ১২৫ টাকা ১৫ পয়সা ধরে প্রতিদিন এই ক্ষতি প্রায় ৫০০ কোটি টাকা।

আন্তর্জাতিক বাজারে বড়দিন উপলক্ষে পোশাক সরবরাহের গুরুত্বপূর্ণ সময়ে এ অস্থিরতা দেখা দেওয়ায় উদ্বেগ জানিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। তাঁরা বলছেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে শীতকালীন ও উৎসবের পোশাক সরবরাহে ব্যস্ত থাকার কথা বাংলাদেশের কারখানাগুলোর।

এ সময় উৎপাদন ও পণ্য জাহাজীকরণে বিলম্ব হলে চলতি চালানের পাশাপাশি ভবিষ্যতের ক্রয়াদেশও ঝুঁকিতে পড়তে পারে। প্রতিযোগী দেশগুলো এই সুযোগ কাজে লাগালে বাংলাদেশের বাজার হারানোর আশঙ্কা রয়েছে।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক হলেও কারখানার আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারের বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। কারণ পোশাক খাতের অনেক কারখানা আগে থেকেই উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, ব্যাংকঋণের চাপ এবং ক্রয়াদেশের ওঠানামার মধ্যে রয়েছে। ফলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখার মধ্যে সমন্বয় করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান কালের কণ্ঠকে বলেন, শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিন প্রায় চার কোটি ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা কমে যেতে পারে। নতুন ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এতে বৈদেশিক মুদ্রা আয় কমার পাশাপাশি কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। তাঁর মতে, এক দিনের উৎপাদন বন্ধ থাকলেও দেশের মোট রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ প্রভাবিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। উৎপাদন ব্যাহত হলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে ক্রেতাদের উদ্বেগ বাড়বে।

ইত্তেফাক

দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ‘বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতো এক মঞ্চে দাঁড়াতে হবে’। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কথা একটাই- দেশে পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়াতে হবে। গতকাল বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।

‘আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই’

৩৮ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকা্ল, দেশে-বিদেশে সন্ত্রাসী তত্পরতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকা্লের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।

‘আসুন ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধভাবে পতিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে এক মঞ্চে দাঁড়াই’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এই বাংলাদেশকে আবারো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা দেশে এবং বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে- এই সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসীরা দেশ এবং জনগণের বিরুদ্ধে আবারও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসকল গণতান্ত্রিক দল আছেন সকলের প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই- আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সময়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

খালেদা জিয়ার সেই আওয়াজ আবারও তুলি- ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা

সরকারপ্রধান বলেন, তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলে বলি, যে আওয়াজ আজকে থেকে তিন দশক আগে দেশনেত্রী খালেদা জিয়া তুলেছিলেন-দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন; আবারও আজ সেই আওয়াজ তুলে বলি, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা‘। এই হোক এই অধিবেশনের শেষ শপথ, শেষ প্রত্যাশা। তিনি বলেন, আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না।

‘সন্ত্রাসী গোষ্ঠী দেশ-জনগণের বিরুদ্ধে আবারও সন্ত্রাসে লিপ্ত হয়েছে, জনগণ ওদের বিষদাঁত ভেঙে দেবে’

তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, যারা গোলাম সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত এই দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই প্রত্যাশা রাখতে চাই। আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদেরকে আবার চব্বিশের চেতনায় আমরা মাথা গুঁড়িয়ে দিতে চাই।

নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের প্রথম পাতার খবর ‘হাসিনাকে নিয়ে দায় ঢাকার ওপর চাপাতে চায় দিল্লি’। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও জ্যেষ্ঠ কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, হাসিনার ঢাকায় ফেরা নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক টানাপড়েনের প্রভাব পড়ছে আঞ্চলিক রাজনীতিতে। তার মতে এরই জেরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে অনুষ্ঠিত আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। একই সাথে ঢাকা বর্তমানে চীন, তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন, ভারতের ওপর চাপ সৃষ্টি করতেই ঢাকা এই কৌশল নিয়েছে। তবে বাংলাদেশ যদি অতিরিক্ত মাত্রায় চীন বা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ে, তবে তা দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত স্বার্থের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে এবং নয়া দিল্লিকে তার নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।

‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর ‘গ্লোবাল টকস’ অনুষ্ঠানে পিনাক রঞ্জন চক্রবর্তী এ মন্তব্য করেন। ভারতীয় মিডিয়াগুলোর বয়ানও একই ধরনের। শেখ হাসিনার শাসনামলে চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব নিয়ে একই ধরনের স্পর্শকাতরতা ছিল ভারতের। তুরস্কের সাথে সম্পর্ককে বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত। সার্ক অচলাবস্থা কাটিয়ে তুলতে বাংলাদেশ ও পাকিস্তানের ধারাবাহিক কোনো প্রচেষ্টা আলোর মুখ দেখেনি ভারতের অনিচ্ছার কারণে। প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের কূটনৈতিক অচলাবস্থা নতুন কিছু নয়। এখন শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা ও নয়া দিল্লির মধ্যকার চলমান কূটনৈতিক অচলাবস্থা এক নতুন মোড় নিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আইনি লড়াইয়ের ঘোষণা দিলেও প্রত্যর্পণ চুক্তি অনুসারেই তাকে ফেরত চাচ্ছে বাংলাদেশ।

পিনাক রঞ্জন চক্রবর্তীর অভিযোগ, ঢাকা ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে, অন্য দিকে তার ভ্রমণের বৈধ কাগজপত্র দিতে অস্বীকৃতি জানাচ্ছে। কিন্তু দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুসারে অতীতে একাধিকবার বন্দিবিনিময় করেছে। এবার হাসিনাকে নিয়ে কূটনৈতিক শীতলতার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্য ও অর্থনীতিতে। কূটনৈতিক অচলাবস্থার কারণেই আগামী ১২ ডিসেম্বর ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশ বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারছে না।

বিশ্লেষণে পিনাক রঞ্জন বলেছেন, হাসিনা দেশে ফিরলে দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হতে পারেন এবং রাজপথে বড় ধরনের বিক্ষোভ ও অস্থিরতা তৈরি হতে পারে, যা সামাল দেয়া সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। তাই কোনো আইনি পদক্ষেপ না নিয়ে কেবল প্রত্যর্পণের দাবি তুলে বিষয়টিকে ভারতের বিরুদ্ধে একটি রাজনৈতিক ইস্যু হিসেবে জিইয়ে রাখা হচ্ছে। অথচ ভারতে হাসিনাকে আশ্রয় দেয়ার শর্ত হিসেবে বাংলাদেশে কোনো রাজনৈতিক কর্মসূচি বা কর্মতৎপরতায় অংশ নেয়ার বিধিনিষেধ থাকলেও দেশটিতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যেই বক্তব্য, বিবিৃত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকছেন ও বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উসকানি দিচ্ছেন। এরই অংশ হিসেবে গোপালগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে থানায় অগ্নিসংযোগ, সংসদ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ককটেল ও বোমাবাজি ধারাবাহিকভাবে শুরু হয়েছে। এভাবেই হাসিনাকে নিয়ে দায় ঢাকার ওপর চাপাতে চাচ্ছে দিল্লি। হাজার হাজার পলাতক আওয়ামী লীগ নেতা কর্মী, সামরিক ও পুলিশের কর্মকর্তা বহালতবিয়তে ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে আছে এবং তাদের খরচ ও যাবতীয় সংস্থান ভারত সরকার বহন করছে।

বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। বাংলাদেশের সাথে বর্তমান সম্পর্ককে ১৯৭১ সালের পর সবচেয়ে প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দিল্লি দেখলেও নয়াদিল্লির সমর্থন আওয়ামী লীগকে তিনটি বিতর্কিত নির্বাচনের বৈতরণী পেরোতে সহায়তা করেছিল। ক্রমেই অজনপ্রিয় হতে থাকা একজন শাসকের সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব আরো উসকে দেয়। গণ-অভ্যুত্থানে হাসিনা ভারতে পালানোর পর বিষয়টি ভারতের জন্য প্রতিকূলতা তৈরি করেছে। এখন হাসিনা-পরবর্তী যুগে যদি সম্পর্ক আরো খারাপ হয়, ভারতে বসে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশে সহিংসতা উসকে দিতে থাকে তাহলে তা দেশ দু’টির অভিন্ন সীমান্তকে আরো অস্থিতিশীল এবং অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। নয়াদিল্লির উচিত নতুন করে উত্তেজনা না বাড়ানো এবং বাংলাদেশে তাদের সম্ভাব্য অংশীদারদের অবমূল্যায়ন না করা। কারণ নয়াদিল্লি ক্রমেই অস্বস্তিকর পরিস্থিতিতে হাসিনার আশ্রয়দাতা হিসেবে অবস্থান করছে।

দেশ রূপান্তর

‘দেশজুড়ে নাশকতার আগুন’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, সারা দেশে নাশকতার আগুন ও হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন। এর মধ্যে নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন গাড়িটির এক হেলপার। দেশের বিভিন্ন স্থানে গতকাল জ্বালিয়ে দেওয়া হয় অসংখ্য বাস।

কমপক্ষে ১৫ জেলায় এই আগুন ছড়িয়ে পড়েছে। কোথাও দাঁড়িয়ে থাকা বাসে, কোথাও রেললাইনে আবার কোথাও বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুড়িয়ে দেওয়া হয়েছে সংসদ সদস্যের বাড়িও। গতকাল বুধবার গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা ও কুড়াল নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের। রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে এদিন সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের কিছু এলাকায় তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সন্ধ্যা ৭টার পর শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায়। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো টহল দেখা যায়নি। বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। গোপালগঞ্জ সদর আসনের বিএনপির এমপি কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সন্ধ্যায় হামলা করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের হামলায় সব কিছু তছনছ হয়ে যায়। নিচতলার একটি কক্ষ এমপি তার কার্যালয় হিসেবে ব্যবহার করেন। হামলার কথা স্বীকার করে এমপি বাবর বলেন, হাসপাতালে রোগী ছিল। অস্ত্রোপচারও হয়েছে। সেখানে ককটেল বিস্ফোরণ ও আগুন লাগানো হয়েছে। গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। গতকাল বিকেল থেকে বাস কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছেন।

নাশকতার ঘটনা ঘটেছে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল ও দিনাজপুরে। নারায়ণগঞ্জে তিনটি বাস আগুন দিয়ে পোড়ানো হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরের বিভিন্ন এলাকায় গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত ৫টি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে রূপগঞ্জে একটি বাস ডিপোর সামনে পার্ক করে রাখা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর মঙ্গলবার শেষ রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে মহাসড়কের পাশে পার্ক করা একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়।

গতকাল ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আবদুর রশিদ মার্কেট এলাকায় মেঘলা ট্রান্সপোর্টের বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন মুখোশধারী ব্যক্তি বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আবদুর রশিদ মার্কেট এলাকায় মেঘলা ট্রান্সপোর্টের বাস ডিপোর সামনে দুটি বাস পার্ক করে রাখা ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন মুখোশধারী ব্যক্তি এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাংলাদেশ প্রতিদিন

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ‘ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, নৈরাজ্য মোকাবিলায় দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। কোনো অপশক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’ গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী পতিত ও পরাজিত অপশক্তি আওয়ামী লীগের পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখে দিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জাতীয় সংসদে দেওয়া এ ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে সংসদ এবং সংসদের বাইরে থাকা গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ও ৭ নভেম্বরের চেতনায় এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানাই।’ তিনি বলেন, ‘বাংলাদেশকে আর কখনোই কোনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। যেসব অপশক্তি ও তাঁবেদারি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, জনগণ তাদের প্রতিহত করবে।’

সংসদ নেতা বলেন, ‘সার্বভৌমত্ব ও গণতন্ত্র যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌম সংসদ যেকোনো মূল্যে আমরা রক্ষা করব।’ উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী জানান, নামমাত্র খরচে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু হবে। এ ছাড়া অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকেও প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে জনগণের পাশে থাকার এবং মাঠপর্যায়ে যেকোনো নৈরাজ্য রাজনৈতিকভাবে মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন। পলাতক চক্রের কর্মকাণ্ডের সমালোচনা. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করে তিনি অভিযোগ করেন যে দলটির পলাতক নেত্রী জনগণের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হত্যার তালিকা তৈরির নির্দেশ দিচ্ছেন। এ ছাড়া বিদেশে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এনসিপি সভাপতি নাহিদ ইসলাম এবং একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি। পোশাক খাতের অস্থিরতা ও নতুন মজুরি, গার্মেন্ট শিল্প ধ্বংস করে অন্য দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কোনো উসকানিতে কারখানা ভাঙচুর না করার আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই শ্রমিকদের নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের সব অঞ্চলের সমস্যা চিহ্নিত করে সুষম উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।’ দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পলাতক ফ্যাসিস্ট চক্রের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এত মানুষ হত্যা, এত মানুষ গুম, এত নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র-তারা সন্ত্রাসী।’

তিনি বলেন, ‘এই সন্ত্রাসীরা দেশে-বিদেশে পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আমরা দেখেছি। দুই দিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে তারা কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেটিও আমরা দেখেছি। এরপর এনসিপি যখন আমেরিকায় গিয়েছিল, তখন তাদের সঙ্গে কী আচরণ করা হয়েছে, তা-ও দেখেছি। শুধু তাই নয়, ইতালিতে একজন নারী শিল্পীর ওপর তারা কীভাবে বর্বর আক্রমণ চালিয়েছিল, সেটিও দেশবাসী লক্ষ করেছে।’ তারেক রহমান অভিযোগ করে বলেন, ‘সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গণতান্ত্রিক জনগণকে হত্যার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি প্রমাণ করেছে, এরা কোনো রাজনৈতিক দল নয়। তারা সন্ত্রাসী গোষ্ঠী।’ তিনি বলেন, ‘দেশে-বিদেশে একবার নয়, দুইবার নয়, বারবার তারা প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবে মেনে নেওয়া যায় না।’