গোপালগঞ্জে গাছ ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, এমপির মালিকানাধীন হাসপাতালে হামলা

গোপালগঞ্জে গাছ ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, এমপির মালিকানাধীন হাসপাতালে হামলা

ফন্ট সাইজ:

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। গতকাল রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি সন্দেহজনক কাউকে দেখলেই স্লোগান দিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে তাদের। এতে গোপালগঞ্জের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ছাড়াও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হাসপাতালটি গোপালগঞ্জ সদর থানা থেকে মাত্র ১০০ মিটারের দূরত্বে অবস্থিত।

সরজমিন দেখা যায়, গোপালগঞ্জের চন্দ্র দিঘুলিয়া, সদর এলাকাসহ বিভিন্ন স্থানে মহাসড়কের উপর বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলে রাখা হয়েছে। সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল- ‘শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। তবে দূরত্ব বজায় রেখে বিচ্ছিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে এমন অবরোধ ও বিক্ষোভের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

টুঙ্গিপাড়া থানা শূন্য: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তাণ্ডবের পর এখনো নিয়ন্ত্রণহীন টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের পর পরিস্থিতির অবনতি হতে শুরু করে। থানা ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর এটি অনেকটা ব্যবহারের উপযোগী নেই। গতকাল পুলিশ সদস্যরা সেখান থেকে জেলা পুলিশ লাইনন্সে চলে গেছেন। বুধবার সকালে গোপালগঞ্জের জন্য আরও ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গোপালগঞ্জ জেলা শহর থেকে ঘোনাপাড়া-পাটগাতি-পিরোজপুর সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সড়কটির নিলফাবাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে মাইকে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ বাজানো হয়। সরজমিন দেখা যায় একটু দূরেই রাস্তার উপর পড়ে আছে গত মঙ্গলবার সন্ধায় পুড়িয়ে দেয়া পুলিশ ও বিজিবি’র তিনটি গাড়ি ও একটি এপিসি। জানা গেছে মঙ্গলবার রাতে নিলফাবাজারে বেশ কিছু দোকানে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছিল। যার চিহ্ন এখনো ওই এলাকায় দৃশ্যমান রয়েছে। এ ছাড়াও বুধবার সকাল ১১টার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কাশিয়ানী উপজেলা বিএনপি’র কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

অপরদিকে জেলার কোটালীপাড়ায় মিছিল করে দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এদিন সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম মুছে ফেলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দশটি যানবাহন পুড়ে গেছে। পাশাপাশি জরুরি নথিপত্র প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে কোনো কিছুই অবশিষ্ট নেই। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা মানবজমিনকে জানান, ঘটনার রাতে থানা থেকে বেশকিছু অস্ত্র লুট হয়েছে। এই মুহূর্তে সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। আমরা তালিকা করে হিসাব মেলানোর চেষ্টা করছি।

সরজমিন দেখা গেছে, পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রয়োজনীয জিনিসপত্র উদ্ধারের চেষ্টায় খোঁজাখুঁজি করছে। কিছু কিছু পুলিশ সদস্যদের আগুনের হাত থেকে বেঁচে যাওয়া বেডিং ও মালপত্র নিয়ে চলে যেতে দেখা গেছে। বর্তমানে টুঙ্গিপাড়া থানায় কোনো কার্যক্রম চলমান নেই।
অপরদিকে হামলার শিকার হওয়া এমপি জিলানীর আত্মীয়-স্বজনদের মধ্যে এখনো আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তাদের ধারণা পুনরায় হামলা করতে পারে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সংসদ সদস্য জিলানীর চাচাতো ভাই হায়দার আলী মানবজমিনকে বলেন, তিনি (এমপি) আমার ভাই নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত টুঙ্গিপাড়াবাসীর প্রতি কোনো অন্যায়, অত্যাচার করেননি।

এর পরেও কেন এই ন্যক্কারজনক হামলা, আগুন সন্ত্রাস। এমপি’র বাড়িসহ জাহিদুল ইসলাম, মোস্তফা শেখ, তাইজুল ইসলাম ও আসাদুল শেখের বাড়ির সবকিছু লুটপাট করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
এমপি জিলানীর আত্মীয় আনিসা তানজুম বলেন, নিষিদ্ধ সংগঠনের টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা হামলার পরেও ফেসবুকে লাইভ করে বলেছে তুই জিলানী ৩২ ভেঙেছিস তোর বাড়িঘরও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা টুঙ্গিপাড়ায় নিরাপত্তাহীনতায় রয়েছি।