হংকংয়ের মুখোমুখি সাইফরা

এশিয়া কাপ রাইজিং স্টার্স

হংকংয়ের মুখোমুখি সাইফরা

ফন্ট সাইজ:

এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের পরখ করে নেয়ার মঞ্চ প্রস্তুত। কাতারের দোহায় আজ মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিপক্ষ হংকং। দু’দলের ম্যাচ শুরু দুপুর ১২টায়। শিরোপা জয়ের লক্ষ্যে এবার দু’টি গ্রুপে ভাগ হয়ে আটটি দল অংশ নেবে। টুর্নামেন্টে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত এশিয়া পাঁচটি দল ‘এ’ দলকে পাঠিয়েছে। আর বাকি তিন দেশ জাতীয় দলকে নিয়ে খেলবে।
উদীয়মানদের টুর্নামেন্ট হলেও ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে রয়েছেন জাতীয় দলে খেলা আট ক্রিকেটার। অধিনায়ক সাইফ হাসানের পাশাপাশি ব্যাটিং বিভাগে পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও ইফতেখার হোসেন ইফতি থাকছেন। মিডল অর্ডারে ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান এবং উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুরের অভিজ্ঞতা দলকে বাড়তি শক্তি জোগাবে।

অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিন এবং বোলিং আক্রমণে পেসার রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন, মো. রুবেল ও স্পিনার রাকিবুল হাসান প্রতিপক্ষের ব্যাটারদের জন্য পরীক্ষায় ফেলতে পারেন। অন্যদিকে, ইয়াসিম মুর্তাজার নেতৃত্বে হংকং চ্যালেঞ্জ জানাতে চাইবে। তাদের ব্যাটিং লাইনআপের মূল ভরসা অভিজ্ঞ অংশুমান রথ, বাবর হায়াত এবং জিশান আলী। এছাড়া অলরাউন্ডার আইজাজ খান, নাসরুল্লাহ রানা এবং অভিজ্ঞ অফ-স্পিনার এহসান খান যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কাগজে কলমে এগিয়ে থাকবে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের সবশেষ আসরে হংকংকে ৮ উইকেটে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের।

সেই ম্যাচে পেসার রিপন মন্ডল ২৪ রানে দুই উইকেট নেন। এবারের আসরে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সাইফ-রাব্বিদের প্রতিপক্ষ আফগানিস্তান ‘এ’ , শ্রীলঙ্কা ‘এ’ ও হংকং। ২১শে নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ২৩শে নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাইফ হাসানের দল। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও আরব আমিরাত। ২৬ ও ২৭শে নভেম্বর হবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। ২৯শে নভেম্বর হবে রাইজিং স্টার্সের ফাইনাল।