থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারালে সুপার সিক্সে খেলার আশা টিকে থাকতো বাংলাদেশ নারী দলের। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে মাত্র ৩ রানে হারায় নাহিদা আক্তারের দল। চার ম্যাচে দুই জয়ে জিম্বাবুয়ের সমান চার পয়েন্ট টাইগ্রেসদের। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপে সেরা তিনে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। আর আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি থেকে বিদায় নেয়
বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। তিন ওভারে দুই ওপেনারকে হারায়। দিলারা ২ ও সাথি রানি ১২ রান করে সাজঘরে ফেরেন। ১৫ রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে লড়াইয়ে ফেরান শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতি। তৃতীয় উইকেট জুটিতে তারা ৩৮ রান যোগ করেন। দশম ওভারে লাওমির বলে এলবিডব্লিউর শিকার শারমিন। ৫৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এরপর চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে রানের গতি সচল রাখেন জ্যোতি। ব্যক্তিগত ২৮ রানে মোস্তারি ফিরে গেলে ভাঙে ৪৬ রানের জুটি। ফিফটি থেকে পাঁচ রান দূরে থেকে সাজঘরে ফেরেন জ্যোতি। শেষ চার ওভারে ২২ রান তোলে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৩২ রান তোলে টাইগ্রেসরা। লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগে ওপেনার নাথাখান চান্থামকে হারায় থাইল্যান্ড।
বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন পেসার সানজিদা আক্তার মেঘলা। তবে তিনে নামা নানাকাত কনচেনরোয়েনকাইকে নিয়ে বড় জুটি গড়েন পানিনতা মায়া। সপ্তম ওভারে ৪২ রানের জুটি ভাঙেন রিতু মনি। ব্যক্তিগত ১৭ রানে মায়াকে বোল্ড করেন। তবে থাইল্যান্ডকে জয়ের আশায় রাখেন কনচেনরোয়েনকাই। ডানহাতি এ ব্যাটারকে ৫৭ রানে আউট করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান জান্নাতুল ফেরদৌস। শেষ ওভারে জয়ের জন্য থাইল্যান্ডের প্রয়োজন ছিল ১৪ রান। তবে জান্নাতুল ফেরদৌসের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হার দিয়ে মিশন শুরু করেছিল নাহিদা আক্তারের দল। এরপর জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে আসরে প্রথম জয় পায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডের কাছে হেরে সুপার সিক্সের সমীকরণ কঠিন করে ফেলে টাইগ্রেসরা।
