ম্যানইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে ‘কিড মেসি’

ম্যানইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে ‘কিড মেসি’

ফন্ট সাইজ:

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা ইংলিশ ফুটবলের অন্যতম প্রতিভাবান তরুণ জেজে গ্যাব্রিয়েলের নতুন ঠিকানা হতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ‘কিড মেসি’ নামে পরিচিত ১৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে পেতে বার্সেলোনা, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত বাজিমাত করেছে লস ব্লাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দীর্ঘদিনের জেজে গ্যাব্রিয়েলের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদের জার্সিতে ব্যালন ডি’অর জেতার স্বপ্নও দেখেন এই তরুণ ইংলিশ ফুটবলার।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিংগিতো টিভি’র সাংবাদিক মার্কোস বেনিতোর প্রতিবেদন অনুযায়ী, গ্যাব্রিয়েলের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তরুণ প্রতিভা। এই দল বদলের ফলে প্রশিক্ষণ ক্ষতিপূরণ বা ট্রেনিং কম্পেনসেশন হিসেবে ৩ লাখ ৬০ হাজার ইউরো পাবে ম্যানচেস্টার ইউনাইটেড। অর্থাৎ তরুণ এই ফুটবলারকে গড়ে তোলার বিনিময়ে আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছে ইংলিশ ক্লাবটি। তবে এখনই রিয়াল মাদ্রিদের রিজার্ভ দল কাস্তিয়ায় খেলার সুযোগ পাচ্ছেন না গ্যাব্রিয়েল। ফেডারেশনের নিয়ম অনুযায়ী, আগামী জানুয়ারির আগে কাস্তিয়ায় যোগ দিতে পারবেন না ১৬ বছর বয়সী এই ফুটবলার। তাই আপাতত রিয়ালের বয়সভিত্তিক যুবদলের সঙ্গে অনুশীলন ও সময় কাটাতে হবে তাকে। গত সেপ্টেম্বরেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার জন্য ট্রান্সফার রিকোয়েস্ট জমা দিয়েছিলেন গ্যাব্রিয়েল। এরপর থেকেই ক্লাবের বাইরে থেকে মাদ্রিদে অনুশীলন করছিলেন ইংলিশ এই আক্রমণভাগের খেলোয়াড়। মাত্র ১৬ বছর বয়সেই ইংলিশ ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে পরিচিতি পেয়েছেন জেজে গ্যাব্রিয়েল।

চেলসি, আর্সেনাল ও ওয়েস্ট হামের একাডেমিতে সময় কাটানোর পর ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে লিডসের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নিজের প্রতিভার জানান দেন গ্যাব্রিয়েল। ক্লাবটির সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টেনে বিদায়ী বার্তায় গ্যাব্রিয়েল লিখেছেন, ‘প্রিয় ম্যানচেস্টার ইউনাইটেড, ২০২০ সালে বড় স্বপ্ন নিয়ে ১০ বছর বয়সে এখানে এসেছিলাম। এখানে একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে বেড়ে উঠেছি। ওল্ড ট্রাফোর্ডে গোল করা থেকে শুরু করে জিমি মারফি পুরস্কার পাওয়া- তোমরা আমাকে এমন কিছু মুহূর্ত দিয়েছো, যা সব সময় মনে রাখবো।’ পাশাপাশি প্রিমিয়ার লীগের ক্লাবটির কোচ, কর্মকর্তা, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্যাব্রিয়েল। বার্তার শেষে তিনি বলেন, ‘আমার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সব সময় আমার গল্পের অংশ হয়ে থাকবে। সবকিছুর জন্য ধন্যবাদ।’