ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে তিন প্রার্থী

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি নির্বাচনে এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব নিতে চাওয়া ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন তিন প্রার্থী। আগামী ১৮ই মার্চ মরক্কোর রাবাতে ফিফার ৭৭তম কংগ্রেসে অনুষ্ঠিত হবে সভাপতি নির্বাচন। এতে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো, জাপানের ফুটবল কর্মকর্তা কোজো তাশিমা এবং সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার র‌্যামন ভেগা। জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে ফিফার সভাপতি হওয়ার পথে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জাপান ফুটবল এসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা। পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন নিশ্চিত করার পর গতকাল মনোনয়ন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন ৬৮ বছর বয়সী এই ফুটবল সংগঠক। বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার স্বত্বাধিকারী একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার উদ্যোগ নিয়ে সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বর্তমান সভাপতি ইনফান্তিনো। পরিকল্পনাটি শেষ পর্যন্ত ভেস্তে গেলেও বিষয়টি সামলানোর প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চান এই সুইস কর্মকর্তা। ইনফান্তিনোর এই দুর্বলতাকেই সামনে আনছেন প্রতিদ্বন্দ্বীরা। গতকাল নির্বাচনী লক্ষ্য সম্পর্কে তাশিমা বলেন, ‘সবার আগে আমি মনে করি, সঠিক সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য। আগে এই জায়গাটি ঠিক করতে হবে। এরপর এর ওপর ভিত্তি করে বিভিন্ন নীতিমালা এগিয়ে নেয়া যাবে।’ কোন পাঁচটি দেশের সমর্থন পেয়েছেন- তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তাশিমা। অন্যদিকে, উয়েফার প্রার্থী হিসেবে শেষ মুহূর্তে নির্বাচনে আসা ফিলিপ দিয়ালো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘শক্তি ঐক্যবদ্ধ করতে’ তিনি তাশিমার সঙ্গে যোগাযোগ করবেন।
এ বিষয়ে তাশিমা জানান, দিয়ালোর সঙ্গে তার এখনো সরাসরি কথা হয়নি। তবে দিয়ালোর ঘনিষ্ঠজনদের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ হয়েছে এবং সামনে অন্তত একবার তার সঙ্গে কথা বলার আগ্রহ রয়েছে। তাশিমা এশিয়ার প্রতিনিধি হলেও এশিয়ার আঞ্চলিক সংস্থা এএফসি শুরু থেকেই ইনফান্তিনোকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়ে রেখেছে। গত অক্টোবরে টোকিওতে এএফসি’র বিশেষ কংগ্রেসে সংস্থাটির প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা প্রকাশ্যে ইনফান্তিনোকে সমর্থনের কথা জানান। অথচ এর মাত্র দুই মাস আগেই ফিফার টুর্নামেন্টের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনাকে ‘বিশ্বাসভঙ্গ’ বলে সমালোচনা করেছিলেন তিনি। গতকাল অবস্থান সম্পর্কে জানতে চাইলে শেখ সালমান সাংবাদিকদের বলেন, ‘আমরা আগেই আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এপ্রিলে ভ্যাঙ্কুভারে এএফসি নির্বাহী কমিটির সভা এবং অক্টোবরে টোকিও কংগ্রেসে আমরা তা জানিয়েছি। বিষয়টি খুবই সহজ। এ বিষয়ে আপনারা সদস্য এসোসিয়েশনগুলোর সঙ্গে কথা বললে ভালো হয়।’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে প্রার্থীদের আনুষ্ঠানিক যোগ্যতা ও সততা যাচাই-বাছাইয়ের মধ্যদিয়ে যেতে হবে। কংগ্রেসের অন্তত এক মাস আগে ফিফার সাধারণ সচিবালয় সদস্য দেশগুলোকে চূড়ান্ত প্রার্থীদের তালিকা জানিয়ে দেবে।