কোস্টারিকাকে বড় ব্যবধানে হারিয়ে স্কালোনি বললেন, ‘বছরটি ইতিবাচক’

কোস্টারিকাকে বড় ব্যবধানে হারিয়ে স্কালোনি বললেন, ‘বছরটি ইতিবাচক’

ফন্ট সাইজ:

বছরের শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেলো আর্জেন্টিনা। গতকাল কোস্টারিকাকে ৭-০ গোলে হারায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল করেন মিডফিল্ডার নিকো পাজ, হুলিয়ান আলভারেজ এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার হয়ে অপর গোলটি করেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বছর জুড়ে দলের এমন দাপুটে পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কোচ লিওনেল স্কালোনি। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘ভালো কাজ করতে পেরেছি বলে আমি সন্তুষ্ট। আমরা চেষ্টা করেছি ম্যাচে নিজেদের প্রভাব রাখতে, প্রতিদ্বন্দ্বিতা করতে এবং সব সময় আর্জেন্টিনার মতো খেলতে। বছরটিও সামগ্রিকভাবে ইতিবাচক ছিল। আমরা নিজেদের সামর্থ্য দেখিয়েছি এবং আরেকটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছাই। তবে সব সময় জেতা সম্ভব নয়। আমরা সন্তুষ্ট, আমরা এমন একটি ধারণা তৈরি করতে পেরেছি যে, না জিতলেও আমাদের কাজের স্বীকৃতি দেয়া যায়।

এটা অসাধারণ।’ আর্জেন্টিনা দলকে ঘিরে হওয়া সমালোচনা নিয়ে কথা বলেন স্কালোনি। তিনি বলেন, ‘সমালোচনা নিয়ে আমি কথা বলতে চাই না। সমালোচনা করার অধিকার সবার আছে। আট বছর ধরে এ নিয়ে কথা বলিনি, এখনই বা কেন শুরু করবো? মানুষের এবং সংবাদমাধ্যমের এ নিয়ে বিতর্ক করার অধিকার আছে বলে আমি মনে করি।’ আগামী বছরের পরিকল্পনা নিয়ে স্কালোনি বলেন, ‘আমাদের বেশ শক্ত একটি ভিত্তি আছে। আগামী বছর কাদের বিপক্ষে খেলবো- তা সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমি চাই, আমরা যেন এমন একটি দল হিসেবে এগিয়ে যাই, যারা প্রতিপক্ষের জন্য কঠিন। যারা প্রতিপক্ষের আক্রমণ কীভাবে ঠেকাতে হবে এবং কীভাবে তাদের বিপক্ষে আক্রমণ করতে হবে, তা জানে। ফুটবলে এই মান ধরে রাখা কঠিন।

একইভাবে এগিয়ে যাওয়াটাই আমাদের চ্যালেঞ্জ।’ আর্জেন্টিনার ঘরের মাঠ কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। বল দখল, আক্রমণ এবং গোলের সুযোগ তৈরিতে পুরো ম্যাচেই কোস্টারিকার চেয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ফলে প্রথমার্ধেই চার ও বিরতির পর তিন গোলের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের অষ্টম মিনিটে বক্সের মাথা থেকে দারুণ শটে গোল করে আর্জেন্টিনাকে ১-০ তে এগিয়ে দেন নিকো পাজ।

এরপর ৩৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার লিড ৩-০ করেন পাজ। বিরতিতে যাওয়ার ঠিক আগে, ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন আলভারেজ। ফলে ৪-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবেসিলেস্তেরা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করা পাজ ও আলভারেজকে আর মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি। ৪৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-০। এরপর ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জালে বল পাঠিয়ে ব্যবধান ৬-০ করেন। ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার ৭-০ গোলের বড় জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।