পর্তুগালকে বিদায় বলার পর ক্রিস্টিয়ানো রোনালদোর ৭ নম্বর জার্সি কার গায়ে উঠবে- সেটি নিয়ে জল্পনা ছিল। সেই আইকনিক জার্সিটি গায়ে জড়ালেন ২২ বছর বয়সী কার্লোস ফোর্বস। ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লীগের ম্যাচে বদলি নেমে পর্তুগালের জয়ের নায়ক বনে যান এই তরুণ ফরোয়ার্ড। নিজের প্রথম আন্তর্জাতিক গোল এবং দলের জয়ে উচ্ছ্বসিত ফোর্বস বলেন, ‘এটা বিশেষ এক অনুভূতি। আজকের দিনটি আমি ভুলবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জিততে পেরেছি। এতে আমি খুশি। ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেতে আমাদের গোলটির প্রয়োজন ছিল। আর ঘটনাক্রমে গোলটি আমিই করেছি।’ পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড নিজের করে রেখেছেন রোনালদো। অন্যদিকে, জাতীয় দলের হয়ে তিন ম্যাচ খেলে প্রথম গোলের দেখা পেলেন ফোর্বস। তিনটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।
বর্তমানে বেলজিয়ান ক্লাব ব্রুজের হয়ে খেলছেন এই তরুণ উইঙ্গার। রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি পরার বাড়তি চাপ অনুভব করেননি বলে জানান ফোর্বস। তিনি বলেন, ‘আমি জানি, এই নম্বরের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে জার্সিটি পরার সময় বাড়তি কোনো চাপ অনুভব করিনি।’ জাতীয় দলে নিয়মিত জায়গা করে নেয়ার লক্ষ্যও ফোর্বসের। তিনি বলেন, ‘আমাকে কাজ চালিয়ে যেতে হবে। শুধু জাতীয় দলে নয়, ক্লাবের হয়েও ভালো খেলতে হবে। কোচ যেন আমাকে আবার ডাকতে পারেন, সেই যোগ্যতা প্রমাণ করতে হবে।’ কার্ডিফ সিটি স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে ব্রুনো ফার্নান্দেজ ও পেদ্রো নেতোর গোলের সুবাদে দুবার এগিয়ে গিয়েও ওয়েলসের পাল্টা আক্রমণে চাপে পড়ে পর্তুগাল। ম্যাচের ৫৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফর্বস।
মাঠে নামার মাত্র ১১ মিনিটে নিখুঁত ও নিচু শটে বল জালে জড়িয়ে পর্তুগালকে ৩-২ গোলের জয় এনে দেন। ৭ নম্বর জার্সির নতুন মালিকের জন্য এর চেয়ে স্বপ্নের অভিষেক আর কী হতে পারতো! ম্যাচের শেষদিকে পেদ্রো নেতো মাত্র দুই মিনিটের ব্যবধানে দু’টি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় পর্তুগাল। তবে বাকি সময়টায় ওয়েলসের আক্রমণগুলো সাহসিকতার সঙ্গে প্রতিহত করে পর্তুগিজরা। এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’র শীর্ষে থেকে উয়েফা নেশনস লীগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে লীগ ‘এ’-তে টিকে থাকার প্লে-অফ খেলতে হবে ওয়েলসকে।
