বুয়েটের ভর্তি পরীক্ষা পেছালো

ফন্ট সাইজ:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৬ই জানুয়ারির পরিবর্তে আগামী ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. একরামুল হক এ তথ্য জানান। এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ, পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।

ভিসি জানান, ৩১শে ডিসেম্বরের মধ্যে পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বুয়েটে ভর্তির আবেদন চলবে ৭ই জানুয়ারি পর্যন্ত। ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
উল্লেখ্য, বুধবার সকালে এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট।