বিদেশে ভারতের ‘দুরবস্থা’ তুলে ধরে বিজেপির রোষানলে রাহুল, ‘দেশবিরোধী’ তকমা

বিদেশে ভারতের ‘দুরবস্থা’ তুলে ধরে বিজেপির রোষানলে রাহুল, ‘দেশবিরোধী’ তকমা

ফন্ট সাইজ:

বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের অর্থনৈতিক ‘দুরবস্থা’, শিক্ষাক্ষেত্রে ‘অব্যবস্থা’ এবং ‘ভোট চুরি’ নিয়ে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক আলোচনাসভায় দেয়া রাহুলের এমন বক্তব্য নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছে বিজেপি। ভারতের শাসকদল বিজেপি রাহুল গান্ধীর মন্তব্যকে ‘দেশবিরোধী’ বলে অভিহিত করেছে। বিজেপি নেতাদের অভিযোগ, বিদেশের মাটিতে বসে দেশের কুৎসা করছেন রাহুল।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ে আলোচনাসভায় যোগ দিতে দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন রাহুল গান্ধী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনাসভায় যোগ দিয়ে ভারতের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে দেশের অর্থনীতি এবং গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, সোজাসাপ্টা কথা হলো, ভারত অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে বসে। এটাই বাস্তব। কেউ একে উড়িয়ে দিতে পারে। সংবাদমাধ্যম একে নস্যাৎ করতে পারে। কিন্তু ভারতে বেকারত্বের সমস্যা এখন বিরাট আকার নিয়েছে। ভারতের শিক্ষাব্যবস্থাতেও বিশাল সমস্যা রয়েছে।
ভারতের যুব সম্প্রদায় নিয়ে সঞ্চালক লিডিয়া পোলগ্রেনের প্রশ্নের জবাবে রাহুল গান্ধী মোদি সরকারের সমালোচনা করে জানিয়েছেন, ভারতের যুবক-যুবতীদের একটি বড় অংশই নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। বিশেষত মধ্যবিত্ত পরিবারের শিক্ষিতদের মধ্যে হতাশা বাড়ছে। তারা নিজেদের ভবিষ্যতের স্পষ্ট দিশা দেখতে পাচ্ছেন না। শিক্ষাব্যবস্থার অভ্যন্তরেও একাধিক সমস্যা রয়েছে।

কংগ্রেস নেতা কেবল অর্থনীতি নয়, দেশে ‘ভোটচুরি’র অভিযোগ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনের সময় ভোটার তালিকা থেকে প্রায় ১৪ কোটি মানুষের নাম বাদ দেয়া হয়েছিল। তার পরেও কীভাবে সেই নির্বাচনকে ‘সম্পূর্ণ বৈধ’ বলা যায়! তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
রাহুল দাবি করেছেন, তিনি প্রমাণ হাতে নিয়েই কথাগুলো বলছেন। এমন ব্যবস্থার সংস্কার না হলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। আর রাজনৈতিক অসন্তোষ বাড়তে থাকলে দেশের সরকার হিংসার পথে হাঁটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।

তবে ভারতের শাসক দল বিজেপির অভিযোগ, রাহুল অপপ্রচার করতে নেমেছেন। রাহুল গান্ধী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে আক্রমণ করেছেন বিজেপি নেতারা।
বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বিরোধী দলনেতাকে ‘স্বভাবগত অপরাধী’ এবং ‘নৈরাজ্যবাদী’ বলে অভিহিত করেছেন। বিজেপি নেতাদের মতে, রাহুল গান্ধী এখন ‘দেশবিরোধী প্রচারের নেতা’ হয়ে উঠেছেন।