শি-পুতিনের বৈঠক, বহুমেরু বিশ্ব গড়তে একজোট দুই নেতা

শি-পুতিনের বৈঠক, বহুমেরু বিশ্ব গড়তে একজোট দুই নেতা

ফন্ট সাইজ:

চীনের শেনজেনে বুধবার (১৮ নভেম্বর) বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শহরটিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্বব্যবস্থায় দুই দেশের নেতৃত্ব ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেন তারা।

বৈঠকে শি জিনপিং বলেন, বড় শক্তি হিসেবে চীন ও রাশিয়ার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা দৃঢ়ভাবে পালন করতে হবে। বিশ্বকে বহুমেরুকরণের পথে এগিয়ে নেয়া এবং আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়নে দুই দেশকে নেতৃত্ব দিতে হবে।

তিনি বলেন, সব ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে হবে। চীন-রাশিয়া সম্পর্ককে ‘সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার’ আদর্শ মডেল হিসেবে বর্ণনা করেন শি। তার মতে, অস্থির বিশ্বে এ সম্পর্ক আরও বেশি স্থিতিশীলতা ও নিশ্চয়তা এনে দিয়েছে।

পুতিনও একই সুরে এদিন কথা বলেন। তিনি বলেন, চীন ও রাশিয়া একটি ‘আরও ন্যায়সংগত বহুমেরু বিশ্বব্যবস্থা’ গড়ে তুলতে কাজ করছে। কঠিন ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দুই দেশের পররাষ্ট্রনীতি বিষয়ক অংশীদারত্ব স্থিতিশীল রয়েছে এবং ইতিবাচক ধারায় এগোচ্ছে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
এ দ্বিপক্ষীয় বৈঠকের পর বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে শি জিনপিং, পুতিন ও ট্রাম্পের।