চট্টগ্রাম নগরীর মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বক্সের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে কয়েকজন যুবক মুরাদপুর ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। বক্সটির দেয়ালে পেট্রল বা কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পাঁচলাইশ মডেল থানার ওসি মোজাম্মেল হক বলেন, রাতে কয়েকজন দুর্বৃত্ত পুলিশ বক্সে আগুন দেয়। এতে ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, পুলিশ বক্সটিতে পেট্রল বা কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
