আলাস্কাতেও জিতলো ডেমোক্রেট প্রার্থী

আলাস্কাতেও জিতলো ডেমোক্রেট প্রার্থী

ফন্ট সাইজ:

আলাস্কার মার্কিন সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী মেরি পেলটোলা। এর মাধ্যমে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের অবসান ঘটল। আলাস্কার নির্বাচন ঘিরে স্পয়লার প্রার্থী নিয়োগের অভিযোগ এবং নজিরবিহীন আইনি লড়াই দেখা গেছে। বিশাল এলাকার দুর্গম কেন্দ্রগুলো থেকে ব্যালট সংগ্রহ ও গণনার কারণে অন্যান্য অঙ্গরাজ্যের চেয়ে এখানে ফলাফল ঘোষণা করতে দেরি হয়েছে। ৩ নভেম্বরের নির্বাচনের পর বিজয়ী ঘোষণা করতে পুরো দুই সপ্তাহ সময় লেগেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এই জয়ের মাধ্যমে এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের কাছ থেকে নবম সিনেট আসন ছিনিয়ে নিল ডেমোক্রেটরা। এর ফলে ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের শেষ দুই বছরের জন্য মার্কিন কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ পেল দলটি। প্রতিনিধি পরিষদ পুনরায় জয়ের পর ১০০ সদস্যের সিনেটে ডেমোক্রেটরা এখন ৫৬টি আসন নিয়ন্ত্রণ করবে। বিজয়ের পর এক বিবৃতিতে পেলটোলা জানান, ওয়াশিংটন ডিসির বর্তমান পরিস্থিতি আলাস্কার জন্য কাজ করছে না। তিনি মাছের শূন্য তাক দেখে বয়স্কদের কান্না এবং শীতের দিনে ঘর গরম রাখা ও খাবারের মধ্যে একটিকে বেছে নেয়ার বিষয়ে গ্রামীণ আলাস্কার বাবা-মায়েদের কষ্টের কথা স্মরণ করেন।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ডেমোক্রেটরা ড্যানিয়েল জে সুলিভান নামের এক সম্পূর্ণ অচেনা ব্যক্তিকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছিল। তিনি একটি ছোট উপকূলীয় শহরে থাকেন। রাজ্যের বর্তমান মার্কিন সিনেটর ড্যান এস সুলিভানের সাথে তার নামের মিল রয়েছে। ভোটারদের বিভ্রান্ত করার জন্যই এই চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আইনি চ্যালেঞ্জের পর রাজ্যের আদালত রায় দেয় যে দ্বিতীয় ড্যানিয়েল জে সুলিভান ব্যালটে থাকতে পারবেন। তবে নির্বাচন কর্মকর্তারা ব্যালট পেপারে তাদের আলাদা করে চিহ্নিত করেন।

পেলটোলা এই কথিত ষড়যন্ত্রের কথা অস্বীকার করেন। তবে তার নির্বাচনী প্রচার শিবির দ্রুত সমালোচনার মুখে পড়ে। বিচার বিভাগ এবং আলাস্কার রিপাবলিকান গভর্নর জানান, তারা এর তদন্ত শুরু করবেন। এরপর বর্তমান রিপাবলিকান সিনেটর সুলিভান হেরে গেলে ট্রাম্প প্রশাসন নির্বাচনের ফলাফল প্রত্যয়ন বন্ধ করার চেষ্টায় একটি মামলা দায়ের করে। তবে নির্বাচন কর্মকর্তা, পেলটোলার প্রচার শিবির এবং ভোটিং গ্রুপগুলোর আইনি চ্যালেঞ্জের পর একজন ফেডারেল বিচারক মামলাটি খারিজ করে দেন।

আলাস্কার র‌্যাঙ্কড-চয়েস ভোটিং সিস্টেমের কারণে বর্তমান সিনেটর কে তা নিয়ে বিভ্রান্ত ভোটাররা উভয় ব্যক্তিকেই তাদের প্রথম ও দ্বিতীয় পছন্দ হিসেবে বেছে নিতে পারতেন। বিশেষজ্ঞরা বিবিসিকে জানান, এই প্রক্রিয়ার কারণে কোনো সম্ভাব্য স্পয়লার প্রার্থীর পক্ষে ফলাফলে প্রভাব ফেলা কঠিন হয়ে যায়। বিবিসি ভেরিফাই-এর এক বিশ্লেষণে দেখা গেছে, অন্য ড্যান সুলিভানের সব ভোট বর্তমান সিনেটর পেলেও পেলটোলা বিজয়ী হতেন।

ডেমোক্রেটদের সিনেট নিয়ন্ত্রণের জন্য এই আসনটি শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল। বর্তমান সিনেটর সুলিভান ডনাল্ড ট্রাম্পের মিত্র এবং তিনি রাজ্যের জ্বালানি ও সামরিক বিনিয়োগের ওপর জোর দিয়ে প্রচার চালিয়েছিলেন। অন্যদিকে পেলটোলা আলাস্কার জনগণের জন্য কর্পোরেট আগ্রাসন মোকাবেলা, খরচ কমানো এবং আলাস্কাকে অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।