ট্রাম্পকে হত্যাপ্রচেষ্টার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

ট্রাম্পকে হত্যাপ্রচেষ্টার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং অন্যান্য বিশিষ্ট মার্কিন রাজনীতিককে হত্যার ষড়যন্ত্রের দায়ে এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের এক বিচারক। মঙ্গলবার বিচার বিভাগ (ডিওজে) এই তথ্য জানায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে ডিওজে জানায়, ব্রুকলিনের ফেডারেল আদালতে ৪৮ বছর বয়সী পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেন মার্কিন জেলা জজ। আন্তর্জাতিক সীমানা পেরিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভাড়ায় খুনের চেষ্টার দায়ে তাকে এই সাজা দেয়া হয়। প্রসিকিউটররা জানান, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই ছক কষা হয়। ট্রাম্প ও অন্যদের লক্ষ্য করে করা ওই পরিকল্পনা বাস্তবায়নে মার্চেন্ট যুক্তরাষ্ট্রের ভেতরে লোক নিয়োগের চেষ্টা করেছিলেন।
ফেডারেল প্রসিকিউটররা জানান, ২০২৪ সালের ওই ষড়যন্ত্রে টার্গেট হিসেবে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নিকি হ্যালিও ছিলেন। হ্যালি ওই বছর রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের জন্য ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন। বিচার বিভাগ জানায়, মার্কিন মাটিতে রাজনৈতিক হত্যাকাণ্ডের ব্যবস্থা করতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য মার্চ মাসে এক ফেডারেল জুরি মার্চেন্টকে দোষী সাব্যস্ত করে। নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ফেব্রুয়ারির শেষের দিকে ওই বিচার শুরু হয়েছিল।
বিচারে মার্চেন্ট সাক্ষ্য দেন, তিনি ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপসের সাথে ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন। তবে তেহরানে তার পরিবারকে রক্ষা করতে তিনি অনিচ্ছাকৃতভাবে এটি করেছিলেন বলে দাবি করেন। মার্চেন্ট জানান, তাকে কখনোই নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ দেয়া হয়নি। তবে ইরানের রাজধানীতে কথোপকথনের সময় তার ইরানি হ্যান্ডলার তিনজনের নাম উল্লেখ করেছিলেন।
কোনো হামলা হওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিকল্পনা নস্যাৎ করে দেয়। ডিওজে জানায়, ষড়যন্ত্রে সাহায্য করার জন্য ২০২৪ সালের এপ্রিলে মার্চেন্ট এক ব্যক্তির সাথে যোগাযোগ করেছিলেন। ওই ব্যক্তি তার কার্যক্রমের কথা জানিয়ে দেন এবং গোপন তথ্যদাতা হয়ে ওঠেন। ওই বছর মার্চেন্টকে গ্রেপ্তার করা হয় এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। এদিকে তেহরান ট্রাম্প বা অন্যান্য মার্কিন কর্মকর্তাদের ওপর হামলা বা ষড়যন্ত্রের কথা অস্বীকার করেছে।