এ সপ্তাহে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এই বৈঠকের আগে নতুন এক বিতর্কে অস্বস্তিতে পড়েছে বেইজিং। এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন উত্তেজনার কারণ হয়ে উঠছে। বেইজিংয়ের জন্য এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহীর আকস্মিক পতন বড় ধরনের চ্যালেঞ্জ। এর কারণ শুধু এই নয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হুয়াংকে চীনা গুপ্তচর ফাঁদে ফেলেছিলেন বলে অভিযোগ উঠেছে। বরং হুয়াং ও চীনা ব্যবসায়ী নারী অ্যালিস হুয়াংয়ের কথিত সম্পর্ক ঘিরে ওঠা অভিযোগ এরই মধ্যে ভঙ্গুর চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন উত্তেজনার ক্ষেত্র তৈরি করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বেইজিংয়ের গোয়েন্দা সংস্থাগুলোর যোগাযোগ ছিল। বিশেষ করে চীনের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। তবে এই অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু এরই মধ্যে ওয়াশিংটনে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানি এবং ট্রাম্প প্রশাসন এসব রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করতে অতিরিক্ত আগ্রহ দেখিয়েছে কি না, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বেশ কয়েক বছর ধরেই চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে উন্নত কম্পিউটার চিপ। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা, সুপারকম্পিউটিং এবং সামরিক প্রযুক্তির জন্য এসব চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনা কর্মকর্তারা আশঙ্কা করছেন, এই কেলেঙ্কারি ওয়াশিংটনের সেই মহলকে আরও শক্তিশালী করবে, যারা চীনের কাছে অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি সরবরাহ আরও সীমিত করার পক্ষে। চলতি সপ্তাহেই ট্রাম্প প্রশাসন নতুন রপ্তানি বিধিনিষেধ চালু করেছে। এর আওতায় মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা ব্রাজিলের মতো তৃতীয় কোনো দেশে উন্নত মার্কিন চিপ ব্যবহারকারী চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এসব প্রতিষ্ঠান সাধারণত বিদেশের ডাটা সেন্টার থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নিয়ে নিজেদের এআই মডেল প্রশিক্ষণ দেয়। তবে অ্যালিস হুয়াং যে প্রতিষ্ঠানে কাজ করতেন, সেরকম কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীনে চিপ পাচারের অভিযোগও রয়েছে। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই অভিযোগ অস্বীকার করেছে। এত দিন এই বিতর্ককে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের মূল বিষয়গুলোর বাইরে একটি পার্শ্ব ঘটনা বলে মনে করা হচ্ছিল। কিন্তু ট্রাম্পের শেনঝেন সফরের প্রাক্কালে বেইজিং নতুন বিধিনিষেধকে ‘অর্থনৈতিক জবরদস্তি’ বলে আখ্যা দিয়েছে। ফলে বিষয়টি বড় ধরনের কূটনৈতিক সংকটে রূপ নেয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাওয়া ডেমোক্রেটরা ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। গত বুধবার শীর্ষ ডেমোক্রেট নেতা টেড লিউ পলিটিকোকে বলেছেন, এনভিডিয়ার প্রতি ট্রাম্প প্রশাসন ‘এক হাজার শতাংশ’ বেশি নমনীয়তা দেখিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। অন্য ডেমোক্রেট নেতা জো লফগ্রেনের পরামর্শ, এখন কংগ্রেসের মাধ্যমে চীনে এআই চিপ বিক্রির ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের সম্ভাবনা বেড়েছে।
অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘চীনের বিরুদ্ধে অপপ্রচার’ বলে অভিহিত করেছে। গত সপ্তাহে মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, প্রযুক্তিগত অবরোধ আরোপের অজুহাত তৈরির জন্য যুক্তরাষ্ট্রের উচিত তথাকথিত গুপ্তচরবৃত্তির গল্প বানানো বন্ধ করা। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই নেতার বৈঠক যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও আগ্রহ দেখিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের পারস্পরিক যোগাযোগ নিয়ে উভয় পক্ষের মধ্যে ‘ঘনিষ্ঠ যোগাযোগ’ অব্যাহত রয়েছে।
ট্রাম্প-শি বৈঠকের আগে নতুন অস্বস্তি, এনভিডিয়া গুপ্তচরকাণ্ডে চাপে চীনের এআই স্বপ্ন
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬, ৯ঃ৫৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
