ফ্রান্সে বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসন কমাতে ব্যাপক পরিবর্তনের প্রস্তাব দিয়েছে দেশটির ডানপন্থি রাজনৈতিক দল রিপাবলিকানস (লেজ রিপুবলিক্যাঁ)। দলটির নেতা এবং ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী ব্রুনো রেতাইয়ো অভিবাসন নিয়ন্ত্রণে ৫৬ পৃষ্ঠার একটি রাজনৈতিক কর্মসূচি প্রকাশ করেছেন। এতে বিদেশি শিক্ষার্থীর আগমন অর্ধেকে নামিয়ে আনা, জন্মসূত্রে নাগরিকত্বের প্রচলিত অধিকার বাতিল, আশ্রয় আবেদনের প্রক্রিয়ায় পরিবর্তন, পরিবার পুনর্মিলন সীমিত করা এবং বিদেশিদের সামাজিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপের প্রস্তাব রয়েছে।
গত ১২ নভেম্বর প্যারিসে নিজের নির্বাচনী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন রেতাইয়ো। পরদিন ১৩ নভেম্বর ফ্রান্সের প্রভাবশালী সংবাদমাধ্যম ল্য মোঁদ তার প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। ল্য পারিজিয়াঁকে দেওয়া সাক্ষাৎকারেও রেতাইয়ো বলেন, তিনি বৈধ অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমাতে এবং অবৈধ অভিবাসন বন্ধ করতে চান।
রেতাইয়োর পরিকল্পনায় অভিবাসনের সাতটি প্রধান পথকে লক্ষ্য করা হয়েছে। এগুলো হলো ভিসা, কর্মসংস্থান, শিক্ষা, আশ্রয়, পরিবার পুনর্মিলন, অভিবাসীদের নিয়মিতকরণ এবং জন্মসূত্রে নাগরিকত্ব। তার বক্তব্য, শুধু অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়, বৈধ অভিবাসনের ক্ষেত্রেও কঠোর নীতি প্রয়োজন।
বিদেশি শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে নামানোর প্রস্তাব
ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য আসা বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন রেতাইয়ো। তার পরিকল্পনা অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীর আগমন বর্তমান প্রবাহের তুলনায় অর্ধেকে নামিয়ে আনা হবে। শিক্ষার্থী হিসেবে অবস্থানের অনুমতি পাওয়ার শর্তও কঠোর করা হবে। কোনো শিক্ষার্থী প্রথমবার কোনো শিক্ষাবর্ষে অকৃতকার্য হয়ে একই বর্ষ পুনরায় পড়লে তার শিক্ষার্থী আবাসিক অনুমতি বাতিলের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা, পড়াশোনার অগ্রগতি এবং ফ্রান্সে অবস্থানের শর্ত আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ফ্রান্সে পড়তে আসতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের পরিকল্পনা
রেতাইয়োর প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ফ্রান্সে জন্মগ্রহণের ভিত্তিতে নির্দিষ্ট শর্তে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত অধিকার, যা ‘দ্রোয়া দ্যু সল’ নামে পরিচিত, তা বাতিল করা। তিনি চান, ফরাসি নাগরিকত্ব অর্জনের প্রধান পথ হবে প্রাকৃতিকীকরণ বা ন্যাচারালাইজেশন।
তার প্রস্তাব অনুযায়ী, নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কমপক্ষে ১০ বছর ফ্রান্সে বসবাস, অপরাধমূলক রেকর্ড না থাকা এবং আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার শর্ত রাখা হবে। ফ্রান্সে বেড়ে ওঠা তরুণদের ক্ষেত্রে বাধ্যতামূলক শিক্ষার নিয়ম মেনে চলার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। জন্ম, পারিবারিক সম্পর্ক কিংবা বিয়ের মাধ্যমে নাগরিকত্ব অর্জনের প্রচলিত স্বয়ংক্রিয় ও ঘোষণাভিত্তিক পথগুলোও বাতিল বা সীমিত করে একক প্রাকৃতিকীকরণ প্রক্রিয়া চালুর কথা বলা হয়েছে।
ফ্রান্সের বাইরে আশ্রয় আবেদন যাচাইয়ের প্রস্তাব
আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রেও নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। রেতাইয়ো চান, নিরাপদ তৃতীয় দেশের সঙ্গে চুক্তি করে ফ্রান্সের বাইরে আশ্রয় আবেদন যাচাইয়ের ব্যবস্থা করা হোক। তার প্রস্তাব অনুযায়ী, কোনো আশ্রয়প্রার্থীকে অন্য কোনো নিরাপদ দেশে সুরক্ষা দেওয়া সম্ভব হলে তাকে সেই দেশে পাঠানো যেতে পারে।
তবে এ ধরনের ব্যবস্থা কার্যকর করতে কোন কোন দেশের সঙ্গে চুক্তি করা হবে, তা এখনো নির্ধারিত হয়নি। ফলে এটি বাস্তবায়িত কোনো ব্যবস্থা নয়, বরং তাঁর নির্বাচনী কর্মসূচির অংশ।
কর্মসংস্থান ও পরিবার পুনর্মিলনেও কঠোরতা
কর্মসংস্থানের উদ্দেশ্যে ফ্রান্সে আসা বিদেশিদের সংখ্যা সীমিত করার প্রস্তাব দিয়েছেন রেতাইয়ো। তার দাবি, ফ্রান্সে মোট অভিবাসন প্রবাহের মাত্র ১৩ শতাংশ শ্রম অভিবাসনের সঙ্গে সম্পর্কিত। এটি তার দেওয়া হিসাব।
তার পরিকল্পনা অনুযায়ী, বিদেশি কর্মী নিয়োগ ফরাসি অর্থনীতির প্রকৃত চাহিদার সঙ্গে কঠোরভাবে যুক্ত থাকবে। কাজের অনুমতি নিয়ে ফ্রান্সে এসে প্রকৃতপক্ষে কাজ না করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ ছাড়তে হবে। অনথিভুক্ত বিদেশি কর্মীদের নিয়মিতকরণের সুযোগও বন্ধ করতে চান তিনি।
পরিবার পুনর্মিলনের ক্ষেত্রেও অভিবাসনকে ব্যতিক্রমী ব্যবস্থায় পরিণত করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া বিদেশিদের সামাজিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে পাঁচ বছর ফ্রান্সে বসবাস ও কাজ করার শর্ত আরোপের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
রাষ্ট্রীয় চিকিৎসা সহায়তা বাতিলের প্রস্তাব
ফ্রান্সে অনথিভুক্ত অভিবাসীদের জন্য চালু রাষ্ট্রীয় চিকিৎসা সহায়তা কর্মসূচি ‘এইড মেডিকাল দ্যু লেতা’ (এএমই) বাতিল করতে চান রেতাইয়ো। এর পরিবর্তে শুধু জরুরি ও জীবনরক্ষাকারী চিকিৎসার ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।
তার মতে, বর্তমান ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন। তবে এ প্রস্তাবও এখনো কার্যকর হয়নি।
সংবিধান সংশোধন ও গণভোটের পরিকল্পনা
অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন রেতাইয়ো। নির্বাচিত হলে ২০২৭ সালের শরৎকালে সংবিধানের ৮৯ অনুচ্ছেদ ব্যবহার করে সংশোধন প্রক্রিয়া শুরু করতে চান তিনি। এরপর ২০২৮ সালের শুরুতে অভিবাসন বিষয়ে গণভোট আয়োজনের সুযোগ তৈরি করতে সংবিধানের ১১ অনুচ্ছেদের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
রেতাইয়োর কর্মসূচিতে ফরাসি সংবিধানের প্রাধান্য এবং ইউরোপীয় ইউনিয়নের আইনের সঙ্গে সম্পর্কিত বিধানেও পরিবর্তনের কথা বলা হয়েছে। তবে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে ফ্রান্সের সাংবিধানিক প্রক্রিয়া, ইউরোপীয় ইউনিয়নের আইন এবং আন্তর্জাতিক চুক্তির বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অভিবাসন বিতর্ক
ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অভিবাসন ইস্যুতে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হচ্ছে। রেতাইয়ো তার কর্মসূচির মাধ্যমে ডান ও মধ্য-ডানপন্থি রাজনৈতিক পরিসরে নিজের অবস্থান তুলে ধরতে চাইছেন। তিনি মধ্য-ডানপন্থি নেতা এদুয়ার ফিলিপের অভিবাসননীতি নিয়ে সমালোচনা করেছেন। তার অভিযোগ, ফিলিপ বৈধ অভিবাসন কমানোর প্রশ্নে যথেষ্ট কঠোর অবস্থান নিতে চান না।
ল্য মোঁদের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ফ্রান্সের মোট জনসংখ্যার ৯ দশমিক ৪ শতাংশ ছিলেন বিদেশি নাগরিক। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে এ অনুপাতে ফ্রান্সের অবস্থান ছিল ১৪তম।
রেতাইয়োর প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে ফ্রান্সে বসবাসরত বিদেশি নাগরিক, শিক্ষার্থী, আশ্রয়প্রার্থী এবং পরিবার পুনর্মিলনের অপেক্ষায় থাকা অভিবাসীদের ওপর প্রভাব পড়তে পারে। তবে তাঁর পরিকল্পনার কোনোটি এখনো ফ্রান্সের কার্যকর আইন নয়। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল, পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় আইনগত ও সাংবিধানিক প্রক্রিয়ার ওপরই এসব প্রস্তাবের ভবিষ্যৎ নির্ভর করবে।
