পিরোজপুরে গভীর রাতে দুই বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু

পিরোজপুরে গভীর রাতে দুই বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু

ফন্ট সাইজ:

পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দু’টি বাসে গভীর রাতে অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক হেলপারের মৃত্যু হয়েছে। 

ওই হেলপারের নাম সিয়াম (২৫)। সে বরিশালের উজিরপুর উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহনে রাতে অগ্নিসংযোগ করে। এ সময় আগুনে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়ামের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাস মালিকদের খবর দেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’