পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের দশম শিরোপা

পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের দশম শিরোপা

ফন্ট সাইজ:

শুরুতে পাকিস্তানের দাপট, প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে এগিয়ে যাওয়া—সবকিছুই ছিল তাদের পক্ষে। স্বপ্নের প্রথম সাফ শিরোপা থেকে তখন মাত্র এক ধাপ দূরে পাকিস্তান। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে গেল ম্যাচের চিত্র। লাল কার্ডে একজন কমে যাওয়ার পর পাকিস্তানের ওপর চেপে বসে ভারত। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের রক্ষণ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। আরেকবার প্রমাণ করে, সাফের মঞ্চে তাদের রাজত্ব কতটা দীর্ঘ।

গতকাল রাতে পল্টনের জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর গাজীর গোলে এগিয়ে যায় পাকিস্তান। তবে দ্বিতীয়ার্ধে ৬১তম মিনিটে সুহাইল ভাটের গোলে সমতায় ফেরে ভারত। ম্যাচের শেষ দিকে, ৮৮তম মিনিটে সন্দ্বীপ মান্ডির হেডে আসে শিরোপা নিশ্চিত করা গোল।

এই জয়ে সাফে নিজেদের একচ্ছত্র আধিপত্যের আরও একটি অধ্যায় লিখল ভারত। প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড দশমবারের মতো চ্যাম্পিয়ন হলো তারা। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠেও অধরা থেকে গেল পাকিস্তানের শিরোপার স্বপ্ন।

ম্যাচের শুরুটা অবশ্য ভারতের জন্য মোটেও স্বস্তির ছিল না। প্রথম মিনিটেই পাকিস্তানের ব্যাকপাস থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন সুহাইল ভাট। তিন মিনিটে বক্সে ঢুকে তাঁর নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। শুরুতে ভারতীয় রক্ষণকে চাপে ফেললেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। দুই প্রান্ত দিয়ে আক্রমণ সাজিয়ে একের পর এক বিপদ তৈরি করতে থাকে তারা। ভারতের রক্ষণভাগকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলেন পাকিস্তানি ফরোয়ার্ডরা।

প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটেই আসে পাকিস্তানের কাঙ্ক্ষিত গোল। জুনায়েদ শাহর নিচু পাস ভারতীয় ডিফেন্ডার খাইমিনথাং লুংদিমের পায়ে লেগে দিক বদলালে বক্সে বল পেয়ে যান আলমগীর গাজী। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান তিনি। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পাকিস্তান।

বিরতির পর বদলি নামিয়ে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে ভারত। ম্যাকার্টন নিকসনকে মাঠে নামিয়ে খেলার গতি বাড়ান কোচ। ৫১তম মিনিটে নিকসনের থ্রু বল থেকে পিভি বিষ্ণুর শট পাকিস্তানি গোলরক্ষকের হাতে লেগে পোস্টে প্রতিহত হয়। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা ঘটে এর পাঁচ মিনিট পর।

৫৬তম মিনিটে ব্রিসন ফার্নান্দেসকে ভয়ংকর ফাউল করেন পাকিস্তানের প্রথম গোলের জোগানদাতা জুনায়েদ শাহ। ভিএআরে যাচাইয়ের পর ৫৯তম মিনিটে তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হয় পাকিস্তান। আর সেই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ভারত।

৬১তম মিনিটে ডান প্রান্ত থেকে লুংদিমের ক্রসে নিকসন শট নিতে ব্যর্থ হলে আলগা বল পেয়ে যান সুহাইল ভাট। দারুণ এক শটে জাল কাঁপিয়ে ভারতকে সমতায় ফেরান এই ফরোয়ার্ড। গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদ্‌যাপনে মেতে ওঠেন তিনি। ম্যাচে তখন নতুন করে প্রাণ ফিরে পায় ভারত।

এরপর একজন বেশি নিয়ে পাকিস্তানের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় ‘ব্লু টাইগার’রা। ৬৭তম মিনিটে পিভি বিষ্ণুর জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে লড়াইয়ে রেখেছিলেন গোলরক্ষক ইউসুফ বাট। ৭২তম মিনিটে আবদুল রাবিহ ও ইরফান ইয়াদওয়াদকে নামিয়ে আক্রমণে আরও শক্তি যোগ করেন ভারতের কোচ।

তবে শেষ পর্যন্ত ভারতের চাপ সামলাতে পারেনি পাকিস্তান। ৮৮তম মিনিটে কর্নার থেকে আসে সেই কাঙ্ক্ষিত গোল। বদলি নামা আবদুল রাবিহর নেওয়া কর্নারে জটলার মধ্যে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ডিফেন্ডার সন্দ্বীপ মান্ডি। মাটিতে ড্রপ খেয়ে বল চলে যায় পোস্টের ওপরের ডান কোণ দিয়ে। গোল করেই জার্সি খুলে কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে যান তিনি। উল্লাসে মেতে ওঠে ভারতীয় শিবির।

শেষ মুহূর্তে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি পাকিস্তান। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে শুধু ফাইনালই জিতল না, সাফে নিজেদের দশম শিরোপাও নিশ্চিত করল তারা।

এর আগে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ও ভুটানকে হারিয়ে ভারত ফাইনাল নিশ্চিত করে।