সামাজিক যোগাযোগমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অবৈধ কনটেন্ট রোধে কড়াকড়ি আরোপ করেছে ভারত সরকার। নতুন এক নির্দেশনায় সরকার জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কোনো কন্টেন্ট অবৈধ হিসেবে চিন্থিত হলে তা তিন ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। আগে এ সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা। সংশোধিত এই নির্দেশিকা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এ খবর দিয়েছে বিবিসি।
নতুন নিয়ম মেটা, ইউটিউব ও এক্সসহ বড় প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্টও এর আওতায় পড়বে।
সময়সীমা কমানোর কারণ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে সমালোচকদের আশঙ্কা, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে এ পদক্ষেপ অনলাইন কনটেন্টের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ আরও কঠোর করতে পারে এবং সেন্সরশিপের ঝুঁকি বাড়াতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা-সংক্রান্ত আইনের আওতায় অবৈধ বিবেচিত কনটেন্ট সরাতে তথ্যপ্রযুক্তি আইনের বিদ্যমান বিধান ব্যবহার করে সোশ্যাল মিডিয়াগুলোকে নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, এসব বিধান সরকারকে অনলাইন কনটেন্টের ওপর ব্যাপক ক্ষমতা দেয়। স্বচ্ছতা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সরকারি অনুরোধে ২৮ হাজারের বেশি ইউআরএল বা ওয়েব লিংক ব্লক করা হয়েছে।
