ঢাকা প্রিমিয়ার লীগের পরবর্তী আসর মাঠে গড়ানোর আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। অর্থ সংকটের অজুহাতে কয়েকটি ক্লাবের না খেলার গুঞ্জন, আবার দলবদলের পদ্ধতি নিয়েও রয়েছে আপত্তি। সবমিলিয়ে আসন্ন মৌসুম নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এমন পরিস্থিতিতে সংকট কাটাতে আগামী ৩০শে নভেম্বর প্রিমিয়ার লীগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী কামরু। তিনি মানবজমিনকে বলেন, ‘প্রিমিয়ার লীগ নিয়ে আগামী ৩০ তারিখ ক্লাবগুলোর সঙ্গে বসার সময় নির্ধারণ করেছি। তখন বসলেই বিষয়টি পরিষ্কার হবে। এখনো প্রায় তিন মাস সময় হাতে আছে, ফেব্রুয়ারির শেষ দিকে খেলা হওয়ার কথা। তাই আগে তাদের সঙ্গে বসে কথা বলি, এরপর বোঝা যাবে তারা কী চায়।
কেউ না খেলতে চাইলে নিয়ম অনুযায়ী প্রিমিয়ার ডিভিশন থেকে নিচে নেমে যাবে। কোনো দল নিশ্চয়ই এমনটি চাইবে না।’ তবে আলোচনার আগেই দলবদলের পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। বিসিবি’র নতুন টুর্নামেন্টে ডি-থ্রির মতো পয়েন্টের ভিত্তিতে ক্রিকেটার বাছাইয়ের ব্যবস্থা থাকলে প্রিমিয়ার লীগেও একই নিয়ম চান তিনি। বাদলের মতে, একই দেশে দলবদলের দু’টি ভিন্ন পদ্ধতি থাকতে পারে না। সিসিডিএমের বৈঠকের চিঠি এখনো পাননি জানিয়ে তিনি বলেন, ‘চিঠি পেলে তারপর সিদ্ধান্ত নেবো।’ প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতি নিয়ে বাদল বলেন, ‘আমরা আগেই বলেছি, এক দেশে দুই নিয়ম কীভাবে হয়? প্রিমিয়ার লীগের জন্য আমরা টাকা খরচ করবো, আর অন্যরা পয়েন্ট দিয়ে খেলোয়াড় নিয়ে খেলবে- এমন দুই নিয়ম চলতে পারে না। প্লেয়ার্স বাই চয়েজ হলে আমরাও পয়েন্ট দিয়ে খেলোয়াড় কিনবো।
আমাদেরও ১০ কোটি টাকার পয়েন্ট দিয়ে দেবে, আমরা সেই পয়েন্ট দিয়ে খেলোয়াড় কিনবো।’ অন্যদিকে ক্লাবগুলোর অর্থসংকটের যুক্তি মানতে নারাজ সিসিডিএম চেয়ারম্যান। তার মতে, প্রিমিয়ার ডিভিশনে খেলার মতো অবস্থানে থাকা ক্লাবগুলোর আগেভাগেই আর্থিক প্রস্তুতি নেয়া উচিত। দল পরিচালনায় পৃষ্ঠপোষক ও সামর্থ্যবান ব্যক্তিদের যুক্ত করার পরামর্শও দিয়েছেন তিনি। আসন্ন লীগকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতি চালুর প্রস্তাব দেবেন মঈন উদ্দিন। তার লক্ষ্য, চার-পাঁচটি দলের একচেটিয়া আধিপত্য কমিয়ে অন্য ক্লাবগুলোকেও শিরোপার লড়াইয়ে নিয়ে আসা। পাশাপাশি প্রতিটি দলে অন্তত একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর পরিকল্পনাও রয়েছে তার। তিন-চার বছর আগে বন্ধ হওয়া বিদেশি ক্রিকেটার খেলার নিয়ম আবার চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান।
আগামী ১৭ই ফেব্রুয়ারি থেকে ৭ই এপ্রিল পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লীগ আয়োজনের সূচি নির্ধারণ করা হয়েছে। বিসিবি থেকে দলগুলোর অনুদান ১৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করার পরিকল্পনাও রয়েছে। ঢাকার পাঁচটি ভেন্যুতে লীগ আয়োজনের চিন্তা থাকলেও ব্যবস্থাপনা নিয়ে ক্লাবগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে এখনো কোনো ক্লাবের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেননি মঈন উদ্দিন। আগামী ৩০শে নভেম্বরের বৈঠকে সবার মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তিনি। ফলে ক্লাবগুলোর আপত্তি, আর্থিক সংকট ও দলবদলের জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত কতোটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লীগ আয়োজন করা যায়, সেটিই এখন দেখার বিষয়।
