জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে সংস্থাটির নিরাপত্তা পরিষদের সদস্যদের একের পর এক অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তিনি নির্বাচিত হলে হবেন জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী এবং প্রথম ইহুদি মহাসচিব। তবে শীর্ষে থেকেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পারছেন না তিনি। কারণ, অন্তত একটি স্থায়ী সদস্যের ভেটো তার প্রার্থিতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি বেছে নেয়ার জন্য ৩১ ডিসেম্বরের সময়সীমা দ্রুত এগিয়ে আসছে। এ অবস্থায় ৭০ বছর বয়সী গ্রিনস্প্যানকে আটজন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে ঠিক কোন দেশ তার বিরোধিতা করছে, তা অবশ্য এখনো স্পষ্ট নয়। কারণ, ভোট হচ্ছে গোপন ব্যালটে।
বিশ্লেষকদের মতে, জাতিসংঘের অভ্যন্তরীণ মহলে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে তার অবস্থান-দুটিই তার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সমর্থন পেতে এসব বাধা কাটিয়ে উঠতে হবে তাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে রাজি করানোই হতে পারে তার সবচেয়ে বড় পরীক্ষা। কারণ, ট্রাম্প যে জাতিসংঘকে দুর্বল ও পুনর্গঠন করতে চান, সেই সংস্থারই নেতৃত্ব দিতে চান গ্রিনস্প্যান।
তবে নিজের কূটনৈতিক অভিজ্ঞতা এবং ঝুঁকি নেয়ার মানসিকতাকেই শক্তি হিসেবে দেখছেন তিনি। আল জাজিরাকে গ্রিনস্প্যান বলেন, ‘জাতিসংঘকে ঝুঁকি নিতে অনীহা কমাতে হবে। বর্তমানে সংস্থাটির সবচেয়ে বড় ঝুঁকি হলো চেষ্টা না করার ঝুঁকি।’
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা ইউএনসিটিএডির (ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট) বর্তমান প্রধান গ্রিনস্প্যান। তিনি কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট। কূটনৈতিক আলোচনা সব সময় প্রথমবারেই সফল হয় না বলে স্বীকার করেন তিনি। তবে তার মতে, এ কারণেই জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ।
কোস্টারিকা থেকে আন্তর্জাতিক কূটনীতিতে
গ্রিনস্প্যানের কাছে ‘প্রথম’ হওয়ার অভিজ্ঞতা নতুন নয়। ২০২১ সালে তিনি ইউএনসিটিএডির প্রথম নারী মহাসচিব হিসেবে নিয়োগ পান। দায়িত্ব নেয়ার পর করোনা মহামারির প্রভাব কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার, ডিজিটাল রূপান্তর এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের লক্ষ্য বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এর আগে লাতিন আমেরিকার রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কোস্টারিকার দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পেশায় অর্থনীতিবিদ গ্রিনস্প্যান দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। একসময় উপঅর্থমন্ত্রী হিসেবে আশির দশকের ঋণসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কোস্টারিকার সরকারের দায়িত্ব পালনের পর আন্তর্জাতিক অঙ্গনে কাজ শুরু করেন তিনি। ২০১৪ সালে লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও ইউরোপের ২২টি দেশের জোট আইবেরো-আমেরিকান সম্মেলনের মহাসচিব নিযুক্ত হন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং হাইতির পুনর্গঠনে জাতিসংঘের কমিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মহাসচিব পদে প্রার্থিতা সামনে রেখে জাতিসংঘের সংস্কার নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেছেন গ্রিনস্প্যান। যুদ্ধ বন্ধের আলোচনায় জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখার পক্ষেও মত দিয়েছেন তিনি।
ইহুদি পরিচয় ও ইসরাইলের সঙ্গে পারিবারিক সম্পর্ক
গ্রিনস্প্যানের বাবা-মা ছিলেন পোল্যান্ডের ইহুদি শরণার্থী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্ট থেকে বাঁচতে তারা মধ্য আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন। ইসরাইলের সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একসময় তিনি নিজেও দেশটিতে পড়াশোনা করেছেন। তার বোন বহু বছর ধরে ইসরাইলে বসবাস করছেন। তার ভাগনে ও ভাগনি ইসরাইলি সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। দেশটিতে থাকা তার স্বজনদের অনেকে নিজেদের জায়নবাদী হিসেবে পরিচয় দেন।
তবে গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে গ্রিনস্প্যানের অবস্থান মোটামুটি জাতিসংঘের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার নিন্দা জানান তিনি। একই সঙ্গে গাজায় ইসরাইলের পরবর্তী সামরিক অভিযানের সময় যুদ্ধবিরতির আহ্বান জানান। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে।
ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে তার পারিবারিক পরিচয় ও কাজ দুই পক্ষেরই নজর কেড়েছে। যদিও এ বিষয়ে কিংবা নিজের ইহুদি পরিচয় নিয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেননি তিনি।
নিজের পরিচয় প্রসঙ্গে গ্রিনস্প্যান বলেন, ‘আমার পরিচয় আমাকে পক্ষপাত নয়, বরং সহমর্মিতা শিখিয়েছে।’
বাবা-মায়ের শরণার্থী জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যুদ্ধ ও বাস্তুচ্যুতির অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে যুদ্ধ মানুষের কাছ থেকে কী কেড়ে নেয় এবং শান্তি কী সম্ভব করে তোলে।
এগিয়ে গ্রিনস্প্যান, কিন্তু ওয়াশিংটনের অবস্থান কী?
নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটে গ্রিনস্প্যান এগিয়ে থাকলেও তার জয় নিশ্চিত নয়। কারণ, পরিষদের পাঁচ স্থায়ী সদস্যÑযুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও বৃটেনের প্রত্যেকেরই ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে। এদের যেকোনো একটি দেশ বিরোধিতা করলেই তার প্রার্থিতা আটকে যেতে পারে।
গ্রিনস্প্যানকে জাতিসংঘের অভ্যন্তরীণ প্রার্থী হিসেবে দেখা হয়। অন্যদিকে ট্রাম্প বারবার জাতিসংঘকে দুর্বল করা এবং নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছেন। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনকে নিজের নেতৃত্বের পক্ষে রাজি করাতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
চলতি মাসের শুরুতে কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ডেভেক্স জানায়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহকে সমর্থন দিয়েছে। ফ্রান্স ও বৃটেনও তার প্রার্থিতায় তেমন বাধা দিচ্ছে না।
চলতি মাসের শুরুর দিকে নিরাপত্তা পরিষদের সর্বশেষ অনানুষ্ঠানিক ভোটে নুসেইবেহের বিরুদ্ধে ১৫ সদস্যের মধ্যে ছয়টি ভোট পড়ে। তবে ওই ভোটগুলোর মধ্যে কোনো স্থায়ী সদস্যের ভেটো রয়েছে ক না, তা স্পষ্ট নয়।
অন্যদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন লাতিন আমেরিকার কোনো প্রার্থীকে পছন্দ করছে। তবে বেইজিং এখনো প্রকাশ্যে কাউকে সমর্থন দেয়নি।
যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেন রিলেশনসের (সিএফআর) জ্যেষ্ঠ ফেলো এবং আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস্থার ব্রিমারের মতে, ট্রাম্পের সমর্থন পেতে গ্রিনস্প্যানকে জাতিসংঘের সংস্কার, পুনর্গঠন ও কাঠামোগত পরিবর্তনের বিষয়ে নিজের অঙ্গীকার স্পষ্ট করতে হবে।
আলজাজিরাকে ব্রিমার বলেন, ‘জাতিসংঘের মতো বড় ও জটিল একটি সংস্থায় পরিবর্তন আনার বিষয়ে নিজের অঙ্গীকার প্রমাণ করতে একজন অভ্যন্তরীণ প্রার্থীকে অনেক বেশি পরিশ্রম করতে হয়।’
তিনি আরও বলেন, সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্পষ্ট ও ধারাবাহিক অবস্থান জানিয়ে আসছেন। বহুপক্ষীয় কূটনীতি নির্ভর করবে এই সংস্কার কীভাবে সংজ্ঞায়িত ও বাস্তবায়িত হচ্ছে, তার ওপর।
গ্রিনস্প্যানের সংস্কার পরিকল্পনা ট্রাম্প ও তার প্রশাসনের প্রত্যাশার সঙ্গে কতটা মেলে, সেটিই শেষ পর্যন্ত নির্ধারণ করতে পারে জাতিসংঘের শীর্ষ পদে তার ভাগ্য। কঠিন কূটনৈতিক আলোচনা সামাল দেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে। কিন্তু এবার হয়তো তাকে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।
