অস্ট্রেলিয়ায় ১৩ বছর বয়সী এক ছাত্রকে যৌন নির্যাতন ও ধর্ষণের দায়ে ৩৪ বছর বয়সী এক বিবাহিত শিক্ষিকাকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এক বছর ধরে ওই ছাত্রের ওপর নির্যাতন চালানোর পর শিক্ষিকার গর্ভে সন্তান আসে। পরে ওই সন্তানের জন্মও দেন তিনি।
দ্য সানের প্রতিবেদনে বলা হয়, নাওমি টেকিয়া ক্রেইগ নামের দুই সন্তানের এই জননীকে ছাত্রটির বাড়িতে স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজে যৌন নির্যাতন চালাতে দেখা গেছে। ১২টি শিশু যৌন নির্যাতনসংক্রান্ত অভিযোগে দোষ স্বীকার করার পর আদালত তাকে এই সাজা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই নির্যাতনকে ‘শেষ না হওয়া এক দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। তারা বলেন, নির্যাতনের শিকার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ওই ছাত্রকে এর দীর্ঘমেয়াদি, এমনকি সারাজীবনের মানসিক ও শারীরিক পরিণতি বহন করতে হতে পারে।
আদালতে ক্রেইগ স্বীকার করেন, ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি ওই ছাত্রকে যৌন নির্যাতন করেছেন। নির্যাতন শুরুর সময় ছেলেটির বয়স ছিল ১২ বছর।
২০২৩ সালে ছেলেটি অস্ট্রেলিয়ার পার্থ শহরের দক্ষিণে মান্দুরাহ এলাকায় এসে একটি স্কুলে ভর্তি হয়। সেখানেই সংগীতের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন ক্রেইগ। ছেলেটি একটি ব্যান্ডের সদস্য ছিল, যেটির তত্ত্বাবধান করতেন তিনি। এ সূত্রে ছাত্রটির মায়ের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে।
পরে ছেলেটি অন্য স্কুলে ভর্তি হলেও তার সঙ্গে যোগাযোগ বজায় রাখেন ক্রেইগ। তিনি ছেলেটিকে স্কুলে পৌঁছে দিতেন। এমনকি তার বাড়ির চাবিও ছিল শিক্ষিকার কাছে।
আদালতে কৌঁসুলি মার্ক নিকোল বলেন, ছেলেটির মা ক্রেইগকে বিশ্বাস করতেন এবং তার ছেলের সঙ্গে একান্তে সময় কাটানোর অনুমতি দিয়েছিলেন। কিন্তু শিক্ষিকা হিসেবে নিজের অবস্থান কাজে লাগিয়ে ছেলেটিকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করতেন তিনি।
কৌঁসুলি বলেন, ‘তিনি ছেলেটিকে মেয়েদের সঙ্গে যোগাযোগের বিষয়ে চাপ দিতেন। তাকে নিজের প্রতি অনুগত থাকতে এবং অন্য সবার চেয়ে তাকে অগ্রাধিকার দিতে বলতেন।’
আদালতকে জানানো হয়, ছেলেটির বাড়িতে একা থাকার সময়ও নির্যাতনের কিছু ঘটনা ঘটেছে। একবার বাড়ির চাবি ব্যবহার করে নিজেই সেখানে প্রবেশ করেন ক্রেইগ।
এ ছাড়া তিনি ওই শিশুকে নিজের সাঁতারের পোশাক ও অন্তর্বাস পরা ছবি পাঠাতেন। এসব ছবিতে তার শরীরের স্পর্শকাতর অংশও প্রকাশিত ছিল।
গত বছরের মে মাসে ক্রেইগ এক বন্ধুকে জানিয়েছিলেন, তিনি আরেকটি সন্তান চান। ওই মাসেই ১৩ বছরে পা দেয়া ছাত্রটির মাধ্যমে অন্তঃসত্ত্বা হন তিনি। এর আগে তার একটি ছোট ছেলে ছিল।
ওই বছরের নভেম্বরে ছেলেটিকে একের পর এক অস্বস্তিকর বার্তা পাঠান ক্রেইগ। তাকে নিজের প্রতি ভালোবাসা অনুভব করানোর অনুরোধ জানান। ছেলেটির মনোযোগ পাওয়ার জন্য বারবার অনুরোধ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন বলেও বার্তায় উল্লেখ করেন।
২০২৫ সালের ডিসেম্বরে ছেলেটির মা বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। পরে সেই ক্যামেরার ফুটেজে ছেলেকে যৌন নির্যাতনের দৃশ্য দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ওই দিনই গ্রেপ্তার হন ক্রেইগ। তার সন্তানের জন্মের কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার আদালতে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ১২টি অপরাধে দোষ স্বীকার করেন ক্রেইগ। এর মধ্যে ১৩ বছরের কম বয়সী শিশুর সঙ্গে যৌন সংসর্গ, শিশুকে যৌন আচরণে প্ররোচিত করা এবং শিশু যৌন শোষণসংক্রান্ত উপাদান নিজের কাছে রাখার অভিযোগও রয়েছে।
বিচারক জন প্রায়র সাড়ে আট বছরের কারাদণ্ড ঘোষণা করলে আদালতে কান্নায় ভেঙে পড়েন ক্রেইগ। ছয় বছর ছয় মাস কারাভোগের পর প্যারোলে মুক্তির যোগ্য হবেন তিনি।
বিচারক অপরাধগুলোর বিবরণ দিতে গিয়ে বলেন, যেসব ঘটনার জন্য অভিযোগ আনা হয়েছে, তার বাইরেও আরও নির্যাতনের ঘটনা ঘটে থাকতে পারে। আদালতকে জানানো হয়, নবজাতক শিশুটি সম্ভবত কারাগারে মায়ের সঙ্গে প্রায় এক বছর থাকবে।
গ্রেপ্তারের সময় মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন ক্রেইগ। এর আগে ব্যক্তিগতভাবে সংগীতের শিক্ষকতা করতেন।
