গোপালগঞ্জে সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: হামিদুর রহমান আযাদ

গোপালগঞ্জে সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: হামিদুর রহমান আযাদ

ফন্ট সাইজ:

গোপালগঞ্জে সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক প্রতিপক্ষ ও জুলাইযোদ্ধাদের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। মঙ্গলবার বিকালে হাসপাতাল সড়কস্থ দলীয় মিলনায়তনে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও নাশকতা চালানোর সাহস পায়, তা একটি বড় প্রশ্ন। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।
জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, জেলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ কার্যত নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা। এভাবে জনগণের আকাক্সিক্ষত স্থানীয় সরকার নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে।

হামিদুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে দেশে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। রাষ্ট্রের আইন ও প্রশাসন কোনো দলের অনুগত বাহিনী হতে পারে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আমরা গোপালগঞ্জের সব সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ জড়িতদের গ্রেপ্তার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীসহ জেলা কর্মপরিষদ সদস্য, উপজেলা আমীর-সেক্রেটারি ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।