সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগের আশঙ্কায় সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত: হামিদুর রহমান আযাদ

সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগের আশঙ্কায় সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত: হামিদুর রহমান আযাদ

ফন্ট সাইজ:

সড়কের বেহাল দশা এবং ট্রেন চলাচলে জটিলতা ও জনদুর্ভোগের আশঙ্কায় আগামী ২১ নভেম্বরের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় ঐক্য। বিকল্প হিসেবে ট্রেনযোগে লংমার্চ আয়োজনের পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। রোববার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, আমাদের চলমান চার দিনের কর্মসূচির শেষ কর্মসূচি ছিল সিলেট অভিমুখে লংমার্চ। প্রথমে কর্মসূচিটি নির্ধারিত থাকলেও পরে পুনর্র্নিধারণ করে আগামী ২১ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে ওই পথে লংমার্চ আয়োজন করা কঠিন হয়ে পড়েছে।
নিজের সাম্প্রতিক সিলেট সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ঢাকা থেকে সিলেটের পথে যাতায়াতের রাস্তার বেহাল দশা। বেহাল সড়কে আমার গাড়িও সেভাবে দুলছিল। এমন অবস্থায় হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা কতটা কঠিন, তা সহজেই অনুমেয়।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, বিকল্প হিসেবে ট্রেনযোগে লংমার্চের বিষয়টি বিবেচনা করা হয়েছিল। লংমার্চ সাধারণ যাত্রীবাহী ট্রেনের মতো একদিকে উঠে অন্যদিকে নেমে যাওয়ার কর্মসূচি নয়। পথে পথে জনগণ দাঁড়াবে, তাদের উদ্দেশে বক্তব্য দিতে হবে এবং দাবিগুলো তুলে ধরতে হবে। সে ক্ষেত্রে ট্রেনকে বিভিন্ন জায়গায় থামতে হবে। আবার মানুষকে ওঠানামা করতে হবে। কোথাও কোথাও সিঙ্গেল লাইন থাকায় পুরো ব্যবস্থাপনাটি অত্যন্ত জটিল হয়ে পড়বে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়া নিশ্চিত।
তিনি আরও বলেন, সবকিছু বিবেচনা করে আজ আলোচনা করা হয়েছে। আলোচনায় দেখা গেছে, আগামী ২১ নভেম্বর ট্রেনযোগেও লংমার্চ করা সম্ভব নয়। এ কারণে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে সিলেট অভিমুখে ট্রেনযোগে লংমার্চের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হচ্ছে।

তবে কর্মসূচি স্থগিত হলেও সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। জনগণের প্রত্যাশা ও অধিকার, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের যে আকাক্সক্ষা রয়েছে, তার বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সংস্কার পরিষদ গঠন ও নির্ধারিত পদ্ধতিতে অধিবেশনে না গিয়ে সংশোধনের পথে হেঁটে জাতিকে বোকা বানানোর যে পন্থা অবলম্বন করা হয়েছে, তা তারা আগেই প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, এ পথে সংকটের নিরসন হবে না। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারের এ ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ১১ দল এ ক্ষেত্রে নেতৃত্ব দেবে। জনগণকে সংগঠিত করে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অতীতে যেভাবে কর্মসূচি পালন করা হয়েছে, ভবিষ্যতেও সেভাবেই কর্মসূচি পালন করা হবে।
জাতীয় ঐক্যের প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার বিচার, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনতা রক্ষা, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদ দমন। সরকার এসব বিষয়ে আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপ দেখাতে পারলে জাতীয় ঐক্যের আহ্বানে আমরা সাড়া দেবো। তবে এর আগে নয়।

এ সময় তিনি ১১ দলীয় জোটের ঐক্য অটুট থাকার কথাও উল্লেখ করেন। বলেন, ১১ দলীয় জোট ভেঙে গেছে-এমন প্রচারণা মূলত গণমাধ্যমের কিছু অংশ এবং সরকারের ভেতরের একটি মহলে রয়েছে। বাস্তবে ১১ দল অটুট আছে এবং একসঙ্গেই রয়েছে।