পটিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

পটিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

ফন্ট সাইজ:

ম্যাচের প্রায় পুরো সময় এগিয়ে ছিল মরহুম সাংবাদিক তালেব-ইসলাম স্মৃতি ফুটবল দল। জয়ের অপেক্ষায় থাকা দলটির সেই স্বপ্ন ভেঙে যায় শেষ মুহূর্তে। খেলার অন্তিম সময়ে আলভীর করা গোলে সমতায় ফেরে মরহুম সাংবাদিক জালাল-হারুন স্মৃতি ফুটবল দল। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া স্পোর্টস অ্যারেনায় পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। গোলের সুযোগ তৈরিতে কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিল না। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধে মরহুম সাংবাদিক তালেব-ইসলাম স্মৃতি ফুটবল দলের হয়ে গোল করেন ইরফান। তাঁর করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এগিয়ে থেকেই বিরতিতে যায় তালেব-ইসলাম স্মৃতি দল। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের লক্ষ্য নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে জালাল-হারুন স্মৃতি দল।

একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা। অন্যদিকে নিজেদের লিড ধরে রাখতে পাল্টা আক্রমণের পাশাপাশি রক্ষণভাগ সামলে খেলার চেষ্টা করে তালেব-ইসলাম স্মৃতি দল। ফলে ম্যাচের শেষ সময় পর্যন্ত দুই দলের মধ্যে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকে। একপর্যায়ে মনে হচ্ছিলো, ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়বে তালেব-ইসলাম স্মৃতি দল। তবে খেলার শেষ মুহূর্তে সেই হিসাব পাল্টে দেন জালাল-হারুন স্মৃতি দলের আলভী। তাঁর করা গোলে ম্যাচে সমতা ফেরে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। প্রীতি ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্সের প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আলম, হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. আইয়ুব নবী এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. হুমায়ুন রশীদ চৌধুরী। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। এ সময় অতিথিরা এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন। আয়োজকেরা জানান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং প্রয়াত সাংবাদিকদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাকে ঘিরে সাংবাদিক, অতিথি ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।