বৃটেনে হামলার শঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

বৃটেনে হামলার শঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ফন্ট সাইজ:

বড়দিন সামনে রেখে বৃটেনে অবস্থানরত নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে লন্ডনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় নাগরিকদের ‘নিম্ন প্রোফাইলে’ থাকার পাশাপাশি নিজেদের চলাফেরায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
শুধু বৃটেন নয়, পুরো ইউরোপের জন্যই এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। জার্মানির বার্লিনে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন থেকেও একই সতর্কবার্তা দেয়া হয়েছে।
বর্তমানে বৃটেনে সন্ত্রাসী হামলার হুমকির মাত্রা ‘সিভিয়ার’ বা গুরুতর পর্যায়ে রয়েছে। এর অর্থ দেশটিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা অত্যন্ত বেশি।

সতর্কবার্তায় বৃটেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে এমন এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি নিজেদের পরিচিতি ও চলাফেরা যতটা সম্ভব আড়ালে রাখা এবং ভ্রমণের পরিকল্পনা পরিবার ও বন্ধুদের জানিয়ে রাখার পরামর্শ দেয়া হয়েছে।
বিশেষ করে বড় জনসমাগম হয় এমন উৎসব ও অনুষ্ঠানে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। সতর্কবার্তায় ‘একক হামলাকারী’ বা লোন অ্যাক্টরদের হুমকির কথাও উল্লেখ করা হয়েছে। এসব হামলাকারী কোনো পূর্বাভাস ছাড়াই পর্যটনকেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দূতাবাস।

সম্প্রতি বৃটেনের বিভিন্ন বিমানবন্দরকে লক্ষ্য করে বোমা হামলার ভুয়া হুমকি এবং ইউরোপের বিভিন্ন দেশে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটানোর ঘটনাগুলোকেও সতর্কবার্তায় গুরুত্ব দেয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ছুটির মৌসুম সামনে রেখে মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত নিরাপত্তা এবং পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।’
এতে আরও বলা হয়েছে, ‘বড় সমাবেশ ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানগুলো সন্ত্রাসী গোষ্ঠী এবং অপরাধীদের জন্য হামলার সুযোগ তৈরি করতে পারে।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একক হামলাকারীসহ সন্ত্রাসীরা কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই হামলা চালাতে পারে। তাদের সম্ভাব্য লক্ষ্য হতে পারে বাজার, পরিবহনকেন্দ্র, বিপণিবিতান, উপাসনালয় এবং অন্যান্য জনবহুল স্থান।
এ ছাড়া বড়দিনের উৎসব, বিভিন্ন অনুষ্ঠান এবং জনসমাগমপূর্ণ এলাকায় মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। জনপ্রিয় পর্যটনকেন্দ্র ও ভিড়পূর্ণ এলাকায় চলাচলের সময় আশপাশের পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখতে এবং পুলিশ ও জরুরি সেবাকর্মীদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, নভেম্বরে ইউরোপের বিভিন্ন দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থাকে লক্ষ্য করে বোমা হামলার ভুয়া হুমকি দেয়া হয়েছিল। এতে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। বিদেশে ছুটিতে থাকা মার্কিন নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম অনুসরণ করারও পরামর্শ দিয়েছে দূতাবাস, যাতে পরিবহনব্যবস্থা কিংবা দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটাতে পারে এমন ঘটনা সম্পর্কে আগাম তথ্য পাওয়া যায়।
এদিকে বৃটেনে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার পর ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় সেখান থেকে সামরিক বিমান সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে মার্কিন নাগরিকদের জন্য এই সতর্কবার্তা জারি করা হলো।