চীন সফরের আগে ম্যানিলায় ট্রাম্প, বসছে কোয়াডের বৈঠক

চীন সফরের আগে ম্যানিলায় ট্রাম্প, বসছে কোয়াডের বৈঠক

ফন্ট সাইজ:

দুই বছর পর প্রথমবারের মতো কোয়াড নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের শেষ পর্যায়ে সেখানে পৌঁছান তিনি। তবে ট্রাম্পকে স্বাগত জানানোর পরিবর্তে তার বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে অপেক্ষা করছিলেন আন্দোলনকারীরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানিলায় টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এসব বিক্ষোভে ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সরবরাহব্যবস্থা উদ্যোগ ‘প্যাক্স সিলিকা’ বাতিলের দাবিও জানানো হয়েছে।

আসিয়ান সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার বিকেলে ম্যানিলায় পৌঁছান ট্রাম্প। পরে তিনি যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ সম্মেলনে যোগ দেবেন।
প্রথমেই যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াডের বৈঠকে অংশ নেবেন তিনি। এটি হবে ট্রাম্পের অংশগ্রহণে প্রথম কোয়াড বৈঠক। সর্বশেষ দুই বছর আগে এই জোটের নেতারা বৈঠকে বসেছিলেন।
ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল কোয়াড। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজনে এপেক সম্মেলনের আগে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে শি অভিযোগ করেছিলেন যে, কোয়াড বেইজিংকে ঘিরে ফেলার একটি প্রচেষ্টা। তবে কোয়াডের সদস্য দেশগুলো বরাবরই বলে আসছে, এই জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।
ট্রাম্পের এবারের এশিয়া সফরে রয়েছে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশগ্রহণ এবং চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বহুল প্রত্যাশিত ত্রিপক্ষীয় বৈঠক।