খেলোয়াড় মেসির পর কোচ মেসিকে পাওয়ার অপেক্ষায় স্কালোনি

খেলোয়াড় মেসির পর কোচ মেসিকে পাওয়ার অপেক্ষায় স্কালোনি

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসি বিদায় নেয়ার ঘোষণা দিলেও ফুটবল মাঠে তার উপস্থিতি আরও দীর্ঘায়িত হোক, এমনটাই চান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শুধু তাই নয়, ভবিষ্যতে মেসিকে আর্জেন্টিনা দলের কোচিং স্টাফেও দেখতে চান তিনি। সহকারী কোচ ও সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েলের বিদায়ের প্রসঙ্গ টেনে মজা করেই এমন ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ।

কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টনার প্রীতি ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন স্কালোনি। সেখানে আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। ৩৯ বছর বয়সী এই মহাতারকা ২০৩০ সালের পরও ফুটবল খেলা চালিয়ে যেতে পারেন বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। স্কালোনির বলেন, ‘আমার মনে হয়, সে ২০৩০ সালের পরও খেলা চালিয়ে যাবে। সে ইতিমধ্যে জাতীয় দলের হয়ে না খেলার কথা জানিয়েছে। তবে একজন ফুটবলার হিসেবে আমি চাই, যত দিন সম্ভব সে খেলা চালিয়ে যাক।’

মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মেনে নিলেও তাকে পুরোপুরি আর্জেন্টিনা ফুটবল থেকে বিচ্ছিন্ন ভাবতে রাজি নন স্কালোনি। বরং ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় তাকে দলের সঙ্গে পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি। সম্প্রতি আর্জেন্টিনার কোচিং স্টাফ ছেড়ে নিজের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল। তার বিদায়ের প্রসঙ্গেই মেসিকে নিয়ে রসিকতা করেন স্কালোনি। হাসতে হাসতে তিনি বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন তো ওয়াল্টারও এখানে নেই...।’

স্কালোনির এই মন্তব্য নিছক রসিকতা হলেও আর্জেন্টিনা দলে মেসির অবস্থান কতটা বিশেষ, তা আবারো স্পষ্ট হয়েছে। খেলোয়াড় হিসেবে মেসির বিকল্প যে সহজে পাওয়া সম্ভব নয়, সেটি ভালো করেই জানেন আর্জেন্টাইন কোচ।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসি এখনো দেশটির ফুটবলের সবচেয়ে বড় আবেগের নাম। মাঠে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও স্কালোনির প্রত্যাশা, আরও কয়েক বছর ফুটবলপ্রেমীদের মুগ্ধ করবেন এই মহাতারকা। খেলোয়াড় হিসেবে না হোক, একদিন হয়তো অন্য কোনো পরিচয়ে আবারও তাকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে দেখা যাবে।