চকরিয়ায় আগুনে পুড়ে দুই ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় আগুনে পুড়ে দুই ভাইয়ের মৃত্যু

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রথমে ছোট ভাইয়ের মৃত্যু হয়। পরে ওই দিন দিবাগত রাত ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বড় ভাইয়ের মৃত্যু হয়।

মৃতরা হলো—হাফেজ মো. আবদুল্লাহ (১৬) এবং তার ছোট ভাই হাফেজি মাদ্রাসায় পড়ুয়া ওমর ফারুক (১৩)। তারা পশ্চিম কাহারিয়া ঘোনা এলাকার বাসিন্দা মৌলানা ফজল কাদেরের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আগুনে দুই ভাই অগ্নিদগ্ধ হয়। ঘটনাস্থলেই ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ছোট ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার আগেই বড় ভাইয়ের মৃত্যু হয়।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার সময় আপন দুই ভাই গুরুত্বর দগ্ধ হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’