১০ বছর পর টেস্ট ছাড়ার সিদ্ধান্তে কোহলি আফসোস করবে: কপিল দেব

১০ বছর পর টেস্ট ছাড়ার সিদ্ধান্তে কোহলি আফসোস করবে: কপিল দেব

ফন্ট সাইজ:

ভারতের টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দেশটির সাবেক অধিনায়ক কপিল দেব। তার মতে, ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুলগুলোর একটি করেছেন কোহলি। এমনকি এক দশক পর এই সিদ্ধান্তের জন্য ভারতীয় ব্যাটিং তারকাকে অনুতপ্ত হতে হতে পারে বলেও মনে করেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মিড-ডেকে দেয়া এক সাক্ষাৎকারে কপিল বলেন, ‘আমার মনে হয়, বিরাট কোহলি সবচেয়ে বড় ভুল করেছে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া তার উচিত হয়নি। ১০ বছর পর নিজের সিদ্ধান্তের জন্য সে আফসোস করবে।’ কোহলির ফিটনেসের প্রশংসা করে সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘ফিটনেসের দিক থেকে কোহলি অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে অনেক এগিয়ে। এমনকি সে ২৫ বছর বয়সী একজন ক্রিকেটারের সঙ্গেও ফিটনেসের লড়াইয়ে পাল্লা দিতে পারে।’

কেবল শারীরিক সক্ষমতা নয়, কঠিন সময়েও লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতার ওপর জোর দিয়েছেন কপিল। তার মতে, দলে জায়গা হারানো কিংবা প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কারণে অবসরের সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। উদাহরণ হিসেবে তুলে ধরেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মহিন্দর অমরনাথকে। কপিল বলেন, ‘রাগের মাথায় অবসর নেয়া ঠিক নয়। খেলোয়াড়দের মহিন্দর অমরনাথের মতো হওয়া উচিত। তাকে অনেকবার দল থেকে বাদ দেয়া হয়েছিল, কিন্তু প্রতিবারই ফিরে এসে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন।’

২০২৫ সালের ১২ই মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান কোহলি। ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে তার সংগ্রহ ৯২৩০ রান। এর আগে ২০২৪ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ওয়ানডে খেলছেন কোহলি। চলতি বছর ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৬৩৮ রান করেছেন তিনি। গড় ৫৩.১৭, রয়েছে দুটি সেঞ্চুরি ও চারটি ফিফটি।

তবে কপিলের বিশ্বাস, ওয়ানডেতে দাপট দেখানো এই ব্যাটারের টেস্ট ক্রিকেটে দেয়ার মতো আরও অনেক কিছু বাকি ছিল।