ঢাবির বকুলতলায় ‘আবর্তন’-এর নবান্ন উৎসব, হাজারো মানুষের মিলনমেলা

ঢাবির বকুলতলায় ‘আবর্তন’-এর নবান্ন উৎসব, হাজারো মানুষের মিলনমেলা

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় উদ্‌যাপিত হয়েছে বাঙালির চিরায়ত নবান্ন উৎসব। সোমবার সন্ধ্যায় নবগঠিত সাংস্কৃতিক সংগঠন ‘আবর্তন’ আয়োজিত এ উৎসবে হাজারো নারী, পুরুষ, শিশু-কিশোর ও তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

দেশের লোকজ সংস্কৃতি, ঐতিহ্যবাহী সংগীত, নাটক ও গ্রামীণ শিল্পকলাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলা এবং অপসংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসনের প্রভাব থেকে নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও আবর্তনের প্রধান উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্‌সি, ছাত্রদলের সভাপতি ও প্রধান সমন্বয়ক রাকিবুল ইসলামসহ দেশের সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আবর্তনের প্রধান উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার দেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের মধ্যে তার চর্চা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি মনে করেন, বাংলাদেশের লোকজ সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি দেশের ইতিহাস, কৃষিজীবন, মানুষের সংগ্রাম, বিশ্বাস, সামাজিক সম্পর্ক এবং জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।