রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম নাহিদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল রাইডশেয়ার চালক ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৬ই নভেম্বর) ভোররাতে কুতুবখালী বড় মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলের ওপর বসা অবস্থায় ওই যুবককে ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাত করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহত অবস্থায় ভোর সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রাবাড়ী বড় মাদ্রাসার ছাত্র আবু তালহা জানান, রাতের দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে হঠাৎ বাইরে চিৎকার শুনতে পাই। জানালা দিয়ে তাকিয়ে দেখি, একটি মোটরসাইকেলের ওপর বসা অবস্থায় ওই যুবককে ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাত করছে। তাৎক্ষণিকভাবে আমরা নিচে নেমে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার কল করা হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে তারা যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে গিয়ে দায়িত্বরত দুজন টহল পুলিশকে বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার (এএসআই) মো. হাসান আলী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রাবাড়ী বড় মাদ্রাসা এলাকা থেকে ওই যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
