বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক থেকে গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজয় দিবস উদ্যাপন প্রস্তুতিমূলক একটি সভায় এই নির্দেশ দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন।
সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খল করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাসমূহের সমন্বয়ে একটি নিñিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপর বিশেষ জোর দেয়া হয় এতে।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি ভিভিআইপি ও সাধারণ জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন এবং পুষ্পস্তবক অর্পণকালে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে সাভার স্মৃতিসৌধ এলাকা এবং এর প্রবেশপথে পর্যাপ্ত সংখ্যক সিসি/আইপি ক্যামেরা স্থাপন করা হবে এবং সিসি ক্যামেরাসমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম এবং সোহ্রাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে। যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক ও স্মৃতিসৌধের আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। জরুরি সেবা নিশ্চিত করতে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য সকল অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নি নির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
