পেট্রোল বোমা হামলার পর খুলনায় যৌথ বাহিনীর টহল

ফন্ট সাইজ:

রাতের আঁধারে মোটরসাইকেলে এসে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় নগর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সোমবার থেকে সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহলও শুরু হয়েছে। গত রোববার রাত পৌনে ১টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা নগর ভবনের লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সাংবাদিকদের তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ ধরনের নাশকতা চালানো হচ্ছে। সাম্প্রতিক হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে। গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, খুলনায় সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য আমরা সরকারকে বলেছি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, হামলাকারীদের শনাক্ত করা গেছে। খুব দ্রুত এ ঘটনায় ফল পাওয়া যাবে বলে তারা আশা করছেন। একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল এ হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ বলেন, নগর ভবনে বোমা হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, সোমবার থেকে সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। সন্দেহভাজন এলাকাগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা একসঙ্গে টহল দেবেন। গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আগে থেকেই নিরাপত্তা ছিল। নগর ভবনে হামলার পর এসব এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে জেলার ৯ থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালাচ্ছে জেলা পুলিশ।