মানিকগঞ্জ শিবালয় উপজেলার আরিচা ঘাট ফেরি টার্মিনালে পার্কিং করে রাখা একটি ট্রাকের কেবিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়।
ট্রাকটির মালিক স্থানীয় ব্যবসায়ী আব্দুল লতিফ মল্লিক। এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ট্রাকের মালিকের সঙ্গে তার কথা হয়েছে। ঘটনার সময় মালিক ঘটনাস্থলেই ছিলেন। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই টার্মিনালে ট্রাকটি ছাড়াও আরও অনেক যানবাহন পার্কিং করা ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তা অন্য যানবাহনে ছড়িয়ে পড়েনি।
