রমজানের আগে এস আলম সুগার মিল চালুর দাবিতে শ্রমিকদের পদযাত্রা

ফন্ট সাইজ:

চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ থাকা ১১টি শিল্পকারখানা চালু এবং চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনরায় কাজে ফিরিয়ে নেয়ার দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছেন হাজারো শ্রমিক। সোমবার সকালে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে পদযাত্রা শুরু করেন শ্রমিকরা। মিছিলটি শাহ আমানত সেতু অতিক্রম করে চট্টগ্রাম নগরের আদালত এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন শ্রমিক প্রতিনিধিরা।

কর্মসূচিতে প্রায় এক হাজার থেকে কয়েক হাজার শ্রমিক-কর্মচারী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এতে লেখা ছিল, ‘দাবি মোদের একটাই, কারখানা খোলা চাই’ এবং ‘রমজানের চাহিদা মেটাতে এস আলম সুগার মিল চালু করো’। শ্রমিকদের দাবি, ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে শুরু করে। একপর্যায়ে ব্যাংকিং জটিলতা, ঋণসংক্রান্ত সমস্যা ও কাঁচামালের সংকটের কারণে কারখানাগুলো বন্ধ হয়ে যায়। এতে হাজারো শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েন। তাদের অভিযোগ, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই কারখানাগুলো বন্ধ করে দেয়া হয়। এরপর মালিকপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও বৈঠক করেও কোনো স্থায়ী সমাধান মেলেনি।

স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের সিদ্ধান্তের কারণে কারখানাগুলোর ঋণ ও ব্যবসায়িক হিসাব পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে। ফলে নতুন করে ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানিনির্ভর কাঁচামাল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত চলতি মূলধনের অভাবেও উৎপাদন কার্যক্রম শুরু করা যাচ্ছে না। শ্রমিকরা বলেন, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন করে প্রয়োজনীয় চলতি মূলধনের ব্যবস্থা করা হলে কারখানাগুলো পুনরায় চালু করা সম্ভব। স্মারকলিপিতে মালিকপক্ষের বক্তব্য তুলে ধরে বলা হয়, ব্যাংকিং জটিলতা নিরসন হলে কারখানা চালুর উদ্যোগ নেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। তবে দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় শ্রমিকদের দুর্ভোগ বাড়ছে। দীর্ঘদিন কর্মহীন থাকায় শ্রমিক-কর্মচারীদের পরিবারে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতেও তাদের হিমশিম খেতে হচ্ছে। অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় কর্মসংস্থানের পাশাপাশি দেশের শিল্প ও অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শ্রমিকরা আরও দাবি করেন, ২০২৪ সালের ৫ই আগস্টের আগে তাদের কারখানাগুলোর কোনো ঋণ খেলাপি ছিল না। এক্ষেত্রে সিটি গ্রুপের কারখানাগুলো সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগের উদাহরণ তুলে ধরে এস আলম গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই ধরনের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরেন শ্রমিক-কর্মচারীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে— এস আলম গ্রুপের বন্ধ সব কারখানা অবিলম্বে চালু করা, আগে কর্মরত শ্রমিক-কর্মকর্তাদের পুনরায় কাজে যোগদানের সুযোগ দেয়া, কাউকে ছাঁটাই না করা, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন এবং উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত চলতি মূলধন নিশ্চিত করা। এ ছাড়া রাজনৈতিক কারণে যাতে কোনো শিল্পকারখানা বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দাবি বাস্তবায়নে এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন তারা। মিছিলে অংশ নেয়া এস আলম গ্রুপের চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা হারুন উর রশিদ বলেন, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরেছেন। ১০টি কারখানার কয়েক হাজার শ্রমিক এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। চাকরি ফিরে পেতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, মইজ্জারটেক থেকে শ্রমিকদের মিছিল শুরু হয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে। চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, এস আলম কোল্ড রোল্ড স্টিলস (এনওএফ), গ্যালকো স্টিল, চেমন ইস্পাত, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম সুপার এডিবল অয়েল, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ।