পিরোজপুরে পুড়লো ১৮ ব্যবসা প্রতিষ্ঠানসহ মন্দির, ক্ষয়ক্ষতি কোটি টাকা

ফন্ট সাইজ:

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান, দু’টি বসতঘর ও একটি মন্দির পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একটি খাবারের হোটেল ও ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাজারের ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসির দিক থেকে প্রথমে আগুনের কুণ্ডলী দেখতে পান কয়েকজন স্থানীয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন বাজারের খালপাড়ের সারিবদ্ধ দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অপর ব্যবসায়ী পরিমল জানান, একটি রেস্টুরেন্ট ও ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। মধ্যরাতে আগুন লাগার পর থেকে ভোর পর্যন্ত স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে ভোর ৫টা পর্যন্ত স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও তারা সময়মতো পৌঁছাতে পারেনি। তার দাবি, দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারলে অন্তত পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো। তিনি আরও জানান, আগুনে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দু’টি বসতঘর ও একটি মন্দির পুড়ে গেছে।

দোকানের পাশাপাশি বসতঘর হারানো দু’টি পরিবারের সদস্যরা এখন নিঃস্ব। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। তবে গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রাম এলাকার সড়কের সেতু ভাঙা থাকায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। ততক্ষণে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।