ভুয়া চিকিৎসক সেজে চিকিৎসা, মেয়াদোত্তীর্ণ ওষুধ দু’জনের কারাদণ্ড

ফন্ট সাইজ:

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা দেয়ার প্রচার চালিয়ে আয়োজন করা হয়েছিল চক্ষু ক্যাম্প। কিন্তু সেই ক্যাম্পেই ভুয়া চিকিৎসক সেজে রোগীদের চিকিৎসা দেয়ার পাশাপাশি ব্যবহার করা হচ্ছিল মেয়াদোত্তীর্ণ ওষুধ। এমন অভিযোগে পাবনার সুজানগরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপর দু’জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে আকবর আলী এবং বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলাম। তিনি বেড়া উপজেলার সাতবা গ্রামের আশরাফ প্রামাণিকের ছেলে। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত রোববার সকাল থেকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে স্থানীয় মোক্তার শেখের বাড়িতে চক্ষু ক্যাম্পের আয়োজন করে বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টার। এলাকায় মাইকিং করে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও চশমা বিতরণের প্রচার চালানো হয়। ক্যাম্পে রোগীদের চিকিৎসা দেয়ার পাশাপাশি ওষুধও সরবরাহ করা হচ্ছিল। তবে ক্যাম্পের আড়ালে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা। সংস্থাটির দেয়া তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় রোববার বিকালে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে চিকিৎসক পরিচয়দানকারী আকবর আলী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলামসহ চারজনকে আটক করা হয়।

পরে তাদের সুজানগর থানায় নেয়া হয়। অভিযানে আকবর আলী চিকিৎসক হিসেবে তার কোনো বৈধ সনদ কিংবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন দেখাতে পারেননি। অন্যদিকে, রাকিবুল ইসলামও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ প্রতারণার মাধ্যমে চিকিৎসাসেবা দেয়ার অপরাধে আকবর আলী ও রাকিবুল ইসলামকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া চক্ষু ক্যাম্পের প্রচারকাজে যুক্ত রবিউল ইসলাম ও রুপা আক্তারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। সাজাপ্রাপ্ত দু’জনকে সোমবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।