‘দোয়া চাই যেন আজীবন গেয়ে যেতে পারি’

‘দোয়া চাই যেন আজীবন গেয়ে যেতে পারি’

ফন্ট সাইজ:

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার আজ ৭৪তম জন্মদিন। বছর জুড়েই এ শিল্পীর জন্মদিনকে ঘিরে থাকে নানান পরিকল্পনা। এই প্রজন্মের শিল্পীরা তার জনপ্রিয় গানগুলো কাভার করে যেমন প্রকাশ করেন। আবার বিভিন্ন চ্যানেলেও রুনা লায়লার জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজন করে থাকেন।

জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, এই সময়ে এসে মূলত পরিবারের সঙ্গেই জন্মদিন উদ্যাপন করা হয়ে থাকে। যথারীতি এবারো তাই হবে। দেখতে দেখতে অনেক জন্মদিনই পেরিয়ে গেল। তবে ছোটবেলার জন্মদিনই আসলে বেশি মনে পড়ে। মা জামা বানিয়ে দিতেন, মজার মজার খাবার রান্না করতেন— এগুলোই আসলে বিশেষভাবে মনে পড়ে। দেখতে দেখতে সংগীত জীবনেরও ৬০ বছর পেরিয়ে গেছে। আমার বাবা-মা, আমার বড় বোন দীনা’সহ পরিবারের সবার আসলে এত সাপোর্ট ছিল যে, যদি তা না হতো তাহলে এতদূর আসা সম্ভব হতো না। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে তিনি আমায় সুন্দর জীবন উপহার দিয়েছেন, এখনো আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমি সবার কাছে সবসময় দোয়া চাই যেন আজীবন গান গেয়ে যেতে পারি। রুনা লায়লার এবারের জন্মদিনের পরদিন অর্থাৎ আগামীকাল ১৮ই নভেম্বর বাংলাদেশের সংগীতাঙ্গনের আরেক প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিনে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হতে যাচ্ছেন রুনা লায়লা।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এর প্রধান উদ্যোক্তা হোমায়রা বশির ও রাজা বশির, বশির আহমেদের দুই সুযোগ্য উত্তরসূরি। ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ আগামীকাল ১৮ই নভেম্বর বিকাল ৪টায় ঢাকাস্থ সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।