মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন পাকাতান হারাপান (পিএইচ) জোটকে বড় ধরনের পরাজয়ের মুখে ফেলে ব্যাপক বিজয় অর্জন করেছে বারিসান ন্যাশনাল (বিএন) ও পেরিকাতান ন্যাশনাল (পিএন) জোট। শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে রাজ্যের ২৮টি আসনের মধ্যে বিএন ২১টি এবং পিএন তিনটি আসনে জয় পেয়েছে। বিপরীতে আনোয়ারের পাকাতান হারাপান মাত্র চারটি আসনে জয়ী হয়েছে, যার সবকটিই পেয়েছে ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি (ডিএপি)। এই ফলাফল আগামী সাধারণ নির্বাচনের আগে আনোয়ার সরকারের রাজনৈতিক অবস্থানকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার (সিএনএ) ১৫ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, বিএন-পিএন জোটের এই বিজয় মালয় ভোটারদের মধ্যে তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন। বিশেষ করে উম্নো ও পাসের প্রচারিত মালয়-মুসলিম ঐক্যের রাজনৈতিক বার্তা ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই নির্বাচনী প্রবণতা মালয়েশিয়ার রাজনীতিতে জাতিগত বিভাজন আরও বাড়াতে পারে। একই সঙ্গে মালয় ভোটারদের সমর্থন হারানোর কারণে আনোয়ারের পিকেআর ও আমানাহ জোট আগামী সাধারণ নির্বাচনে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মালাক্কা রাজ্য নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭১ দশমিক ৭৭ শতাংশ। মালয় ভোটারদের মধ্যে ৭৮ দশমিক ১ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করলেও চীনা ভোটারদের উপস্থিতি ছিল ৫৮ দশমিক ৮ শতাংশ এবং ভারতীয় ভোটারদের ৫৮ শতাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মালয় ভোটারদের ব্যাপক অংশগ্রহণ বিএন-পিএন জোটের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে, আনোয়ার ইব্রাহিমের জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও সাবেক মালাক্কা মুখ্যমন্ত্রী আদলি জাহারি বুকিত কাতিল আসনে পাসের প্রার্থীর কাছে ৬ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মালাক্কার এই ফলাফল আগামী ১৬তম সাধারণ নির্বাচনে (জিই১৬) বিএন-পিএন জোটের সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। সিএনএ কে বিশ্লেষক জেমস চিন জানিয়েছে, তার পূর্বাভাস অনুযায়ী, উপদ্বীপ মালয়েশিয়ার মালয়-অধ্যুষিত আসনগুলোতে জোটটি ১০০ থেকে ১০৫টি সংসদীয় আসন পেতে পারে। দেশটির সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১২টি আসন। সে ক্ষেত্রে সাবাহ ও সারাওয়াকের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সমর্থন পেলে বিএন-পিএন জোটের কেন্দ্রীয় সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে। তবে উম্নো ও পাসের মধ্যে আসন বণ্টন নিয়ে মতবিরোধ জোটটির জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
এদিকে, মালাক্কা নির্বাচনের পর আগাম সাধারণ নির্বাচন আয়োজনের দাবি জোরালো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এ তথ্য জানিয়েছে সিএনএ। বিএন-পিএন জোট তাদের নির্বাচনী সাফল্যের ধারাবাহিকতা কাজে লাগাতে চাইবে। তবে রাজনৈতিকভাবে চাপে থাকা আনোয়ার ইব্রাহিমের জন্য এখনই সংসদ ভেঙে আগাম নির্বাচন দেওয়ার আগ্রহ কম থাকতে পারে। মালয়েশিয়ার পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে আগামী কয়েক মাসে রাজনৈতিক জোটগুলোর অবস্থান, আসন সমঝোতা এবং ভোটারদের সমর্থন ধরে রাখার সক্ষমতাই দেশটির পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে দেশটির মিডিয়াগুলো।
