সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। পাশাপাশি বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে, তার প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে।
সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন। এসময় তথ্যমন্ত্রী আওয়ামী লীগ সরকারের শাসনামলে অর্থনীতি ও ব্যাংকিং খাতের অনিয়মের চিত্র তুলে ধরে আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকরা এখন ব্যাংক থেকে টাকা পাচ্ছেন না।
খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটে ব্যাংকিং খাতের এ অবস্থা হয়েছে। বিদ্যুৎ খাতেও অতিরিক্ত মূল্য নির্ধারণের মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। এসব অনিয়মের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন।
গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিকৃত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি রাখার চেষ্টা করা হচ্ছে। ফেসবুকে গালিগালাজের অপসংস্কৃতি রোধেও সরকার কাজ করবে। অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ভুয়া সংবাদ প্রচারকারীদের নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেয়া যায়, তা নিয়েও কাজ চলছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, তাদের এসব কর্মকাণ্ড রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয়। গোপালগঞ্জ ছাড়া সারা দেশে দলটির কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রীর দেশে ফেরার প্রচারণাকে রাজনৈতিক ব্লাফ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও বিপন্ন হবে। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।
