কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার শেরেবাংলাস্থ জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে রিজভী সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ও দোয়া মোনাজাতে অংশ নেন।
নিষিদ্ধ আওয়ামী লীগ ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, গুম-খুন ও রক্তাক্ত পথ ধরে আওয়ামী চক্রকে বাংলাদেশের জনগণ আর ফিরতে দেবে না। পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালানো হচ্ছে, এ দেশের মানুষ তা কখনোই সফল হতে দেবে না।
নিষিদ্ধ আওয়ামী লীগের বিগত শাসনামলের সমালোচনা তিনি বলেন, পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর জুলুম-অত্যাচার করেছে। তারা আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে সুখের স্বর্গ গড়তে চায়। কিন্তু তাদের সেই সুখের স্বর্গ আর কোনো দিন হবে না। যেকোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের প্রসঙ্গে রিজভী বলেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম—প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। বিগত ১৭ বছর তারা নিজের জীবন বাজি রেখে আন্দোলন করেছেন। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং মাসের পর মাস কারাবরণ করতে হয়েছে, তবুও আদর্শ ও নীতি থেকে তাদের সরানো যায়নি। এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন- নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অভিযোগ রিজভীর
নিষিদ্ধ আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩৪ মিনিট আগে
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬, ১ঃ১৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
